মেট্রোরেলে রেল ও বৈদ্যুতিক লাইন বসানোর কাজ শুরু

গণমাধ্যমের সামনে বক্তব্য রাখছেন ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মেট্রোরেলের সাড়ে আট কিলোমিটার দৃশ্যমান। আমরা আশা করছি, ২০২১ সালের বিজয়ের মাসে তরুণদের এই ‘ড্রিম প্রজেক্ট’ এর প্রথম ধাপ সমাপ্ত হবে। এটাই আমাদের নববর্ষের প্রত্যাশা।

বুধবার (১ জানুয়ারি) সকাল ১০টায় রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মেট্রোরেলের বৈদ্যুতিক লাইন সঞ্চালন সিস্টেম ও রেললাইন বসানোর কাজের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘এখানে বিশাল কর্মযজ্ঞ চলছে। বাইরে থেকে বোঝা যায় না। এরইমধ্যে সাড়ে আট কিলোমিটার দৃশ্যমান হয়ে গেছে। মোট ৫২টি স্থাপনা এই ডিপোতেই দৃশ্যমান। তিন বছর আগে আমরা এখানে বিরানভূমি দেখেছিলাম। সেটা আজকে বিশাল কর্মযজ্ঞে পরিণত হয়েছে। নববর্ষে আপনাদের সবাইকে নিয়ে নবতর যাত্রা শুরু করলাম।’

ওবায়দুল কাদের বলেন, ‘খুব শিগগিরই মেট্রোরেলের এমআরটি লাইন ওয়ানের কাজ শুরু হবে। এখানে দুটো পাতাল রেলের সিস্টেম আছে। একটির দৈর্ঘ্য ১৬, আরেকটিতে সাড়ে ১৩ কিলোমিটার। ২০৩০ সালে ৬টি মেট্রোরেলের কাজ শেষে পোনে দুইশ’ কিলোমিটার দৈর্ঘ্য হবে। এতে ঢাকার চিত্র বদলে যাবে।’

সরেজমিনে দেখা যায়, এরই মধ্যেই দিয়াবাড়ি এলাকায় লাইন বসানোর আগে স্ক্রু লাগানো শেষ হয়েছে। এছাড়া, উত্তরা অংশে ট্রেন চলার সময় ট্র্যাকে ঘর্ষণের শব্দ নিয়ন্ত্রণে রাবারের প্যাড লাগানোর কাজও শেষ হয়েছে।