অনুষ্ঠানে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহ মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের শিক্ষার্থীদের হাতে নতুন বছরের বই তুলে দিয়ে বই উৎসব উদ্বোধন করেন। এ প্রকল্পের আওতায় সারাদেশে প্রায় ৭৩ হাজার ৭৬৮টি প্রাক-প্রাথমিক কেন্দ্রের শিক্ষার্থীদের মাঝে ৩০ লাখ বই বিতরণ করা হয়।
প্রতিমন্ত্রী বলেন, নৈতিকতা-সম্পন্ন সুনাগরিক তৈরি করতে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানভিত্তিক প্রাক-প্রাথমিক শিক্ষা প্রকল্প শিক্ষা ও নৈতিকতার মান উন্নয়নে সরকারের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এ লক্ষ্যে সরকার ধর্ম মন্ত্রণালয়ের আওতায় মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্প, মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্প, প্যাগোডাভিত্তিক প্রাক-প্রাথমিক শিক্ষা প্রকল্প গ্রহণ করেছে।
ইসলামিক ফাউন্ডেশনের দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক মু. আ. হামিদ জমাদ্দারের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন ধর্ম মন্ত্রণালয়ের বিদায়ী সচিব মো. আনিছুর রহমান, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের পরিচালক ফারুক আহম্মেদ এবং ইসলামিক ফাউন্ডেশনের সচিব কাজী নূরুল ইসলাম।
অনুষ্ঠানে প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে ৫৬০টি মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক মো. শফিকুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন বিভাগের পরিচালক ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানে ঢাকা মহানগরীর প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী, শিক্ষক ও তাদের অভিভাবক অংশ নেন।