বৃহস্পতিবার (২ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান জানায়, বিজি ০০৭ ফ্লাইটটি রবিবার (৫ জানুয়ারি) সকালে ঢাকা থেকে ম্যানচেস্টারের উদ্দেশ্যে ছেড়ে যাবে। প্রতিমন্ত্রী মোনাজাত ও ফিতা কেটে ফ্লাইট উদ্বোধন করবেন। বিমান বহরে সদ্য সংযোজিত বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার দিয়ে ঢাকা-ম্যানচেস্টার রুটের ফ্লাইট পরিচালনা করা হবে। সপ্তাহের রবি, মঙ্গল ও বৃহস্পতিবার ফ্লাইট পরিচালিত হবে। যুক্তরাজ্যের ম্যানচেস্টারে প্রায় ৯০ হাজার বাংলাদেশি বসবাস করেন। তাদের অনেক দিনের আকাঙ্ক্ষা ম্যানচেস্টার রুটে বিমানের ফ্লাইট। এটি বিমানের ১৭তম রুট।
বিমান জানিয়েছে, বোয়িং ৭৮৭-৯ এ মোট আসন সংখ্যা ২৯৮টি। এ উড়োজাহাজে ৩০টি বিজনেস ক্লাস, ২১টি প্রিমিয়াম ইকোনমি ক্লাস ও ২৪৭টি ইকোনমি ক্লাস রয়েছে। বিমানের বহরে রয়েছে ছয়টি ড্রিমলাইনারসহ মোট ১৮টি উড়োজাহাজ। বিমানের মোবাইল অ্যাপস ব্যবহার করে যাত্রীরা নিজের মোবাইলফোন থেকেই টিকিট কিনতে পারবেন।