১৫টি জাতীয় দৈনিক পর্যালোচনা করে প্রতিবেদন তৈরি করা হয়েছে। প্রকৃত অপরাধের সংখ্যা এর চেয়েও বেশি বলে উল্লেখ করেছে সংস্থাটি। তারা জানিয়েছে, ২০১৯ সালে ৪ হাজার ৩৮১ শিশু নানা ধরনের নির্যাতনের শিকার হয়েছে। এর মধ্যে ২ হাজার ৮৮টি শিশুর অপমৃত্যু এবং ১ হাজার ৩৮৩ শিশু যৌন নির্যাতনের শিকার হয়েছে। শিশু নির্যাতন ও সহিংসতা কমলেও যৌন নির্যাতনের হার বেড়েছে ৭০.৩৪ শতাংশ।
প্রতিবেদনে শিশু নির্যাতনকে ৬টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এগুলো হলো, অপমৃত্যু, যৌন নির্যাতন, অপহরণ, নির্যাতন ও সহিংসতা,আঘাতে মৃত্যু ও বাল্যবিবাহ।
২০১৫-২০১৯ সাল পর্যন্ত মোট ৩ হাজার ১৩৬ শিশু ধর্ষণের শিকার হয়েছে। গড়ে প্রতিমাসে ৫২টির বেশি শিশু ধর্ষণের শিকার হয়েছে। এসব ঘটনায় হওয়া মামলার মধ্যে গত ৫ বছরে মাত্র ১৬৪ মামলার রায় হয়েছে। সবচেয়ে বেশি ধর্ষণের ঘটনা ঘটেছে ঢাকা, নারায়ণগঞ্জ, নোয়াখালী, ময়মনসিংহ ও গাজীপুরে। এরমধ্যে সবচেয়ে বেশি ধর্ষণ ঢাকায়, ১১৬ শিশু।
২০১৯ সালে শিশু হত্যা বেড়েছে ৭.১৮ শতাংশ। গড়ে প্রতিমাসে ৩৭ শিশু হত্যার ঘটনা ঘটেছে। অধিকাংশ ক্ষেত্রে তুচ্ছ ঘটনা, পারিবারিক সহিংসতা, দাম্পত্য কলহ ও বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে শিশুর প্রাণ গেছে। গত ৫ বছরের মধ্যে ২০১৯ সালে শিশু হত্যার ঘটনা ছিল সবচেয়ে বেশি। ২০১৯ সালে ৪৪৮ শিশুকে হত্যা করা হয়েছে। যেখানে ২০১৮ সালে এ সংখ্যা ছিল ৪১৮।