ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস (ছবি: সংগৃহীত)আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ব্যারিস্টার ফজলে নূর তাপসের আসন শূন্য হওয়ার বিষয়টি সংসদকে অবহিত করলেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকালে সংসদের ষষ্ঠ অধিবেশন শুরুর পর স্পিকার বিষয়টি সংসদকে অবহিত করেন। কোনও সংসদ সদস্য পদত্যাগ করলে তা সংসদকে অবহিত করার বাধ্যবাধকতা রয়েছে।
ঢাকা-১০ আসনের সংসদ সদস্য তাপস গত ২৯ ডিসেম্বর বিকালে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন। ওই দিনই তিনি তা গ্রহণ করেন। পরে স্পিকার আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশনকে জানিয়ে দেন। এখন এই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার পর তাপস পদত্যাগ করেন।