যুক্তরাষ্ট্র থেকে কৃষিপণ্য কেনায় এক্সপোর্ট ক্রেডিট গ্যারান্টি কর্মসূচি ঘোষণা

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রযুক্তরাষ্ট্র থেকে কৃষিপণ্য কেনার জন্য বাংলাদেশের স্থানীয় ব্যাংক এবং আমদানিকারকদের এক্সপোর্ট ক্রেডিট গ্যারান্টি কর্মসূচির অধীনে অর্থায়নের বিশেষ সুযোগ দেবে সে দেশের সরকার। এই কর্মসূচির মাধ্যমে অংশগ্রহণকারী স্থানীয় ব্যাংকগুলো বারো মাস পর্যন্ত সময়ের জন্য সম্ভাব্য কম হারের সুদে যুক্তরাষ্ট্রের ব্যাংকগুলো থেকে ডলারে অর্থায়নের সুযোগ নিতে পারবে। রবিবার (২ ফেব্রুয়ারি) এক সেমিনারে এ তথ্য জানানো হয়।
অ্যাসোসিয়েশন অব ব্যাংকারস বাংলাদেশের (এবিবি) সহযোগিতায় যুক্তরাষ্ট্রের কৃষিদফতর (ইউএসডিএ) তাদের এক্সপোর্ট ক্রেডিট গ্যারান্টি প্রোগ্রামের ওপর আমেরিকান সেন্টারে এই সেমিনারের আয়োজন করে। বাংলাদেশের বিভিন্ন শীর্ষস্থানীয় ব্যাংক ও শীর্ষ কৃষিপণ্য আমদানিকারকরা এতে অংশ নেন।

এ সময় যুক্তরাষ্ট্র দূতাবাসের উপ-মিশনপ্রধান জোয়ান ওয়াগনার যুক্তরাষ্ট্রের কৃষিপণ্য কেনার সুযোগ বাড়াতে বাংলাদেশের জন্য কৃষি বাণিজ্য কর্মসূচি ঘোষণা করেন।

যুক্তরাষ্ট্র দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই কর্মসূচিটি ‘পর্যাপ্ত আর্থিক শক্তি’ রয়েছে বাংলাদেশের মতো এমন বাজারগুলোতে যুক্তরাষ্ট্রের কৃষিপণ্যের বাণিজ্যিক রফতানিকে সহায়তা করতে প্রতিবছর বিশ্বব্যাপী ৫শ’ কোটি ডলারের ঋণ গ্যারান্টি দেয়। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের ক্রেডিট গ্যারান্টি কর্মসূচির জন্য যোগ্য বিশ্বের ১৩০টির মতো দেশের একটি।

জোয়ান ওয়াগনার অনুষ্ঠানে বলেন, ‘বাংলাদেশ ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের কৃষিপণ্যের অন্যতম শীর্ষ রফতানি বাজার। উভয় দেশের কল্যাণে আমাদের বাণিজ্যিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে। এ কর্মসূচি আমাদের সেটি করতে সহায়তা করবে।’

এ বিষয়ে যুক্তরাষ্ট্র দূতাবাসের কৃষি অ্যাটাশে টাইলার ব্যাবকক বলেন, ‘আমরা আশা করি, বাংলাদেশের বেশ কয়েকটি ব্যাংক এ কর্মসূচিতে যুক্ত হওয়ার জন্য আবেদন করবে।’