ঢাকা সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, ‘এই নির্বাচনে কোনও হাঙ্গামা হয়নি, কোনও কেন্দ্র দখলের ঘটনা ঘটেনি, কোনও লোক ক্ষয় হয়নি।’
কলকাতা সিটি নির্বাচনে সংঘটিত সংঘাতের উদাহরণ টেনে হাছান মাহমুদ বলেন, ‘কলকাতা সিটি নির্বাচনে বিজেপির প্রার্থী রূপা গাঙ্গুলিকে স্টেট থেকে পালিয়ে ঘরের মধ্যে তালাবদ্ধ হয়ে থাকতে হয়। ওই নির্বাচনে বেশ কিছু লোকক্ষয় হয়। সেই বিচার করলে ঢাকা সিটির নির্বাচন উপমহাদেশের এটি চমৎকার ও ভালো নির্বাচন।’
তথ্যমন্ত্রী বলেন, ‘কাগজে দেখেছি নির্বাচনে কম সংখ্যক লোক ভোট দিতে গেছেন। যুক্তরাষ্ট্রে ভোটার যোগ্য মানুষের মধ্যে ৬০ ভাগ নিবন্ধিত হয়। আর সেই ৬০ ভাগের ৪০ থেকে ৫০ ভাগ কাস্ট হয়। মোটের ওপর ২৪ থেকে ৩০ শতাংশ ভোট কাস্ট হয়। আর ঢাকা দক্ষিণ সিটিতে ২৯ শতাংশ এবং উত্তর সিটিতে ২৫ শতাংশ ভোট পড়েছে। এই ভোটের হার অনেক বেশি হতো।’
হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি প্রথম থেকেই বলে আসছে তারা এই নির্বাচনকে আন্দোলনের অংশ হিসেবে নিয়েছে। তাদের আন্দোলন মানে হাঙ্গামা-ভোটকেন্দ্র জ্বালানো। কাজেই আন্দোলনের অংশ হিসেবে তাদের ভোটে অংশ নেওয়ার খবরে মানুষ শঙ্কিত হয়ে যায়। নির্বাচনের মাঠে থাকাকে বিএনপি যখন সফলতা বলে, তখন মানুষ মনে করবে বিএনপি প্রতিদ্বন্দ্বিতা থেকে হয়তো সরে গেছে।’ এতে মানুষ ভোট দেওয়ার আগ্রহ হারিয়ে ফেলে বলেও তিনি মন্তব্য করেন।