নিজ দেশের নাগরিকদের স্বাস্থ্যের প্রতি নজর রাখছে চীনা দূতাবাস

চীনা পতাকাবাংলাদেশে থাকা চীনের নাগরিকদের স্বাস্থ্যের প্রতি নজর রাখছে চীনা দূতাবাস। এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত কাউকে পাওয়া যায়নি বলেও জানিয়েছে তারা। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ঢাকার চীনা দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা ভাইরাস যাতে অন্য দেশে ছড়িয়ে না পড়ে, সেজন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়েছে চীন সরকার। ইতোমধ্যে চীনা নাগরিকদের বাংলাদেশ ও চীনের মধ্যে যাতায়াত কমিয়ে আনার কথাও বলা হয়েছে।
এতে বলা হয়েছে, ‘অন্য যেকোনও সময়ের মতো বাংলাদেশ আমাদের সহায়তা করবে এবং আমাদের কার্যকলাপকে বুঝবে বলে আমরা আশা করি। উহানে থাকা বাংলাদেশিদের পরিবার ও বন্ধুদের উদ্বেগের কথা চিন্তা করে আমরা তাদের দেশে ফেরত যাওয়ার বিষয়ে একমত হয়েছিলাম। আমাদের বলা হয়েছে, তাদের আলাদা করে রাখা হয়েছে। আমরা তাদের মঙ্গল কামনা করি।’
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, চীনে থাকা বাংলাদেশি নাগরিকদের বিশেষ যত্ন নিচ্ছে সরকার। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব সম্পর্কে হালনাগাদ তথ্য বাংলাদেশকে সরবরাহ করা হচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।