ঢাকা-ওয়ারশ পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক আজ

বাংলাদেশ-পোল্যান্ড

ইউরোপের দ্বিতীয় দেশ এবং পৃথিবীর ষষ্ঠ দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল পোল্যান্ড। প্রায় ৫০ বছর পর এই প্রথমবারের মতো উভয় দেশের আগ্রহে রাজনৈতিক সম্পর্ক বাড়ানোর জন্য প্রথম পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হচ্ছে আজ বুধবার (১২ ফেব্রুয়ারি)।  ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ বৈঠক হবে।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, ‘আমরা বৈঠকের পর একটি চুক্তি সই করবো। সেই চুক্তির অধীনে এ ধরনের রাজনৈতিক বৈঠক নিয়মিত অনুষ্ঠিত হবে।’

বৈঠকে কী কী বিষয়ে আলোচনা হতে পারে, জানতে চাইলে এই কর্মকর্তা বলেন, ‘দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ প্রায় ১৪০ কোটি ডলার এবং এরমধ্যে ১৩০ কোটি ডলার হচ্ছে বাংলাদেশ থেকে রফতানি।’

আমাদের দেশ থেকে পোলান্ডে প্রধানত তৈরি পোশাক রফতানি করা হয় বলে তিনি জানান। 

তিনি বলেন, ‘পোল্যান্ড থেকে আমাদের দেশে বিনিয়োগের আগ্রহ আছে। আমরা এ বিষয়ে ওই দেশের সঙ্গে আলাপ করতে আগ্রহী।’

এছাড়া, গত বছর ওয়ার্ক পারমিট নিয়ে ১৭ জন বাংলাদেশি পোল্যান্ডে গেছেন। আমরা আরও বাংলাদেশিকে বৈধ পথে সেদেশে পাঠাতে চাই,বললেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই কর্মকর্তা।