দুবাইয়ে ব্লক তৈরির কারখানা পরিদর্শন পূর্তমন্ত্রীর

দুবাই শিল্প এলাকায় ব্লক তৈরির কারখানা পরিদর্শন করেন পূর্তমন্ত্রীসংযুক্ত আরব আমিরাতের রাজধানী দুবাইয়ে পরিবেশবান্ধব নির্মাণ উপকরণ ব্লক তৈরির প্ল্যান্ট পরিদর্শন করছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম। বুধবার (১২ ফেব্রুয়ারি) জাপানি প্রতিষ্ঠান মাসাহ’র আমন্ত্রণে দুবাই শিল্প এলাকায় মন্ত্রী কারখানাটি পরিদর্শন করেন।

এসময় পরিকল্পিত নগরায়ণে পরিবেশবান্ধব উপকরণ ব্যবহারে দেশীয় আবাসন প্রতিষ্ঠান ও মালিকদের প্রতি আহ্বান জানান মন্ত্রী।

তিনি বলেন, সরকারের লক্ষ্য হলো পরিকল্পিত নগরায়ণ এবং নিরাপদ, সাশ্রয়ী ও পরিবেশবান্ধব আবাসন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভবন নির্মাণের ক্ষেত্রে পরিবেশ রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছেন। এজন্য ভবন নির্মাণে ইটের বিকল্প হিসেবে পরিবেশবান্ধব ও ব্যয় সাশ্রয়ী ব্লক ব্যবহার করতে হবে।

কারখানা পরিদর্শনের সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন অতিরিক্ত সচিব ড. মো. আফজাল হোসেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. সাঈদ নূর আলম, স্থাপত্য অধিদফতরের প্রধান স্থপতি শামীম আমিনুর রহমান, হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের মহাপরিচালক মোহাম্মদ শামীম আখতার, গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্মসচিব উম্মে সালমা তানজিয়া, উপসচিব ড. আবু নঈম মো. আব্দুছ ছবুর, সিদ্দিকুর রহমান ও মোতাহার হোসেন।

উল্লেখ্য, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট পরিবেশবান্ধব ও মূল্য সাশ্রয়ী ব্লক তৈরিতে গবেষণা করছে। ইতোমধ্যে ব্লক নির্মাণে সফলতা পাওয়ার দাবি করেছে প্রতিষ্ঠানটি।