পীর ফজলুর রহমান বলেন, অর্থমন্ত্রী নিজেকে বিশ্বের এক নম্বর বলে দাবি করেছেন। অর্থমন্ত্রীর শ্রেষ্ঠত্বের জায়গা কোনটি, এটা বোঝা যাচ্ছে না। যে দেশে এক বছরে ৭৫ হাজার কোটি টাকা পাচার হয়ে যায়, সেই দেশের অর্থমন্ত্রী শ্রেষ্ঠ হয় কীভাবে? ধনী-গরিবের বৈষম্য বাড়ছে। খেলাপির হারে বাংলাদেশ শীর্ষে। দায়িত্ব নেওয়ার পর তিনি বলেছেন, খেলাপি আর বাড়বে না। কিন্তু গত নয় মাসে আরও বেড়েছে। দুদকের ক্ষমতা বাড়াতে মানি লন্ডারিং আইন সংশোধন প্রয়োজন বলেও মত দেন তিনি।
স্বাস্থ্য খাতের সমালোচনা করে জাতীয় পার্টির এই সংসদ সদস্য বলেন, এই খাত নিজেই এখন অসুস্থ। স্বাস্থ্য মন্ত্রণালয়ে সব অদ্ভুত ঘটনা ঘটছে। ৩৭ লাখ টাকার পর্দা কেনা দুর্নীতি ও ফরিদপুর মেডিক্যালের যন্ত্রপাতি কেনায় দুর্নীতি হচ্ছে। সাবেক স্বাস্থ্যমন্ত্রীর পিতার নামে সিরাজগঞ্জে মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালের দুর্নীতি নিয়েও দুদক তদন্ত করছে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজেও একই ধরনের ঘটনা ঘটছে।
তিনি বলেন, ইসলামিক ফাউন্ডেশনেও দুর্নীতির ঘটনা ঘটছে। কোরআন শরীফ কম ছাপিয়ে ২ কোটি টাকা দুর্নীতি করা হয়েছে।
সাংবাদিকদের ওপর হামলা গণতন্ত্রের জন্য শুভ নয় মন্তব্য করে তিনি সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রী কঠোর ব্যবস্থা নেবেন বলে আশা প্রকাশ করেন।