সুষ্ঠু অভিবাসনের জন্য সুশাসন কাঠামোর প্রয়োজন

 

85685

সুষ্ঠু অভিবাসনের জন্য সুশাসন কাঠামো প্রয়োজন বলে মন্তব্য করেছেন সাবেক পররাষ্ট্র সচিব ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ফেলো এম শহীদুল হক। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ওই বিশ্ববিদ্যালয়ে অভিবাসন নীতি বিষয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

এম শহীদুল হক বলেন, ‘সরকার এ বিষয়ে উদ্যোগ নিয়েছে এবং আশা করি এটি দ্রুত কার্যকর হবে।’ অভিবাসনকে একটি রাজনৈতিক বিষয় উল্লেখ করে তিনি বলেন, ‘যখন বৈশ্বিক অভিবাসন কমপ্যাক্ট অনুমোদন করা হয় তখন এর রাজনৈতিক স্বীকৃতির বিষয়টি বিবেচনায় নেয়নি জাতিসংঘ। এর ফলে তারা একটি বড় সুযোগ হারিয়েছে।’

তার মন্তব্য, বাজার, চাহিদা ও যোগানের ওপর অভিবাসন নির্ভর করে থাকে এবং বাজার ব্যবস্থার ইতিবাচক ও নেতিবাচক দিক এখানে বিদ্যমান। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রভিত্তিক থিঙ্কট্যাঙ্ক মাইগ্রেশন পলিসি ইনস্টিটিউটের সিনিয়র ফেলো ক্যাথলিন নিউল্যান্ড বলেন, ‘অভিবাসন নিয়ে বৈশ্বিক একটি সিস্টেম তৈরি করার জন্য যে দর কষাকষি হয়েছিল সেটি অত্যন্ত কঠিন ছিল।’ যুক্তরাষ্ট্রসহ কিছু দেশ এর বিরোধিতা করায় ও প্রতিটি দেশই অত্যন্ত শক্তিশালী থাকার কারণে দর কষাকষিতে অত্যন্ত বেগ পেতে হয়েছে।

তিনি বলেন, ‘অনেক সরকার তাদের অভ্যন্তরীণ রাজনীতির কারণে অভিবাসনের পক্ষে কথা বলে না। এছাড়া অনেক দেশ অভিবাসনকে নিরাপত্তার লেন্স দিয়ে দেখে থাকে।’