আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, এনসিপিসির পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এমআইএসটির কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. ওয়াহিদ-উজ-জামান বলেন, শিক্ষা ও গবেষণার মাধ্যমে বাংলাদেশে তথ্য প্রযুক্তির বিকাশ সাধনে এমআইএসটি তার ভূমিকা পালন করে যাবে। আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগামিং প্রতিযোগিতা (আইসিপিসি) বাংলাদেশে অনুষ্ঠিত হবে ২০২১ সালে। সেই প্রতিযোগিতাকে সামনে রেখে এ বছর জাতীয় পর্যায়ে এনসিপিসি অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতার জন্য প্রাথমিক পর্যায়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ৩০২টি দল রেজিস্ট্রেশন করে। যাচাই বাছাইয়ের মাধ্যমে পরবর্তী সময়ে ১৫০টি দলকে চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য মনোনীত করা হয়।
আইএসপিআর আরও জানায়, প্রোগ্রামিং-এ দক্ষতা ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের একটি প্রধান নিয়ামক। বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র-ছাত্রীদের মধ্যে প্রোগ্রামিং-এ দক্ষতা ও আগ্রহ তৈরি করার লক্ষ্যে বাংলাদেশে বিভিন্ন পর্যায়ে প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে। ১৯৯৮ সাল থেকে শুরু করে প্রতি বছর এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। আইসিটি ডিভিশনের অধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এ প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতা করে যাচ্ছে।
অনুষ্ঠানের আয়োজক কমিটির চেয়ারম্যান ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহম্মদ সাজ্জাদ হোসেন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সূচনা বক্তব্য উপস্থাপন করেন। এছাড়াও এ অনুষ্ঠানে এমআইএসটির সব ডিন, বিভাগীয় প্রধান, উইং প্রধান, উচ্চপদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তা, ছাত্র, শিক্ষক ও অন্য আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।