ইতালিফেরত যাত্রীদের নিরাপত্তায় হজ ক্যাম্পে সেনা মোতায়েন

আইএসপিআররাজধানীর আশকোনায় হজ ক্যাম্পে থাকা ইতালিফেরত যাত্রীদের নিরাপত্তা ও নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুরোধে সেখানে সেনাসদস্যদের মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ ইবনে জায়েদ।
শনিবার (১৪ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে এক খুদেবার্তায় আইএসপিআর থেকে জানানো হয়, ‘স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুরোধে আশকোনা হজ ক্যাম্পে ইতালিফেরত যাত্রীদের একসেস কন্ট্রোল ও নিরাপত্তায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।’
এর আগে ইতালি থেকে ১৪২ জন বাংলাদেশি দেশে ফিরে আসলে পুলিশ তাদের আশকোনা হজ ক্যাম্পে নিয়ে যায়। তখন পুলিশের সঙ্গে ইতালিফেরত বাংলাদেশিদের বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। অনেকেই হজ ক্যাম্প থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে দুপুর ২টার দিকে তারা ও তাদের স্বজনরা বিক্ষোভ করেন। পরে হজ ক্যাম্পে রেখেই কর্তৃপক্ষ তাদের স্বাস্থ্যপরীক্ষা শুরু করেন।