ইউরোপের দেশগুলোকে হাসপাতাল সামগ্রী বাংলাদেশে বানানোর প্রস্তাব

পররাষ্ট্র মন্ত্রণালয়হাসপাতালে ব্যবহৃত ব্যক্তিগত নিরাপত্তা পোশাক, হাতমোজাসহ নানা ধরনের সামগ্রী বাংলাদেশ থেকে তৈরি করে নিতে ইউরোপীয় দেশগুলোকে প্রস্তাব দিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। রবিবার (২২ মার্চ) সন্ধ্যায় ইউরোপীয় দেশগুলোর রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকে তিনি এ প্রস্তাব দেন।



























মাসুদ বিন মোমেন বলেন, ‘অর্থনৈতিক কর্মকাণ্ড থেমে থাকতে পারে না। আমরা চ্যালেঞ্জকে সুযোগে রূপান্তর করতে চাই। আমাদের তৈরি পোশাক শিল্প কাটিং ও মেকিংয়ে দক্ষ এবং বর্তমান পরিস্থিতিতে যে ধরনের পোশাকের চাহিদা আছে সেগুলো তারা বাংলাদেশ থেকে নিতে পারে।’
তিনি বলেন, ‘আমি তাদের অনুরোধ করেছি ব্রাসেলস বা একক কোনও দেশের যদি কোনও ধরনের ইনোভেটিভ চিন্তা থাকে তবে তারা সেটি আমাদের জানাতে পারে।’
বৈঠকে করোনাভাইরাস নিয়ে বাংলাদেশের নেওয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে রাষ্ট্রদূতদের অবহিত করেন পররাষ্ট্র সচিব।
তিনি বলেন, ‘তারা আমাদের কাছে জানতে চেয়েছেন, ইউরোপীয়রা দেশত্যাগ করতে চাইলে কীভাবে করবেন। আমরা বলেছি, এখনও লন্ডন, থাইল্যান্ড, হংকং রুট খোলা আছে এবং যে কেউ ওই দেশগুলোর মাধ্যমে দেশত্যাগ করতে পারেন।’
চার্টার প্লেনের মাধ্যমেও দেশ ত্যাগ করা সম্ভব বলে জানিয়ে পররাষ্ট্র সচিব বলেন, ‘দেশের ভেতরে আমরা তাদের জন্য বিশেষ ব্যবস্থা রেখেছি।’ 

উল্লেখ্য, ইউরোপের বিখ্যাত কোম্পানি এইচএনএম চিকিৎসক ও নার্সদের জন্য সুরক্ষা পোশাক বাংলাদেশ থেকে তৈরি করে নিচ্ছে।