শ্রম মন্ত্রণালয়ের ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটি গঠন

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়

করোনা সংকটকালে শ্রম পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং চলমান শিল্প প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিক-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটি গঠন করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। এ কমিটিতে শ্রম অধিদফতর এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের মাঠ পর্যায়ের কর্মকর্তা, সংশ্লিষ্ট এলাকার মালিক এবং শ্রমিক প্রতিনিধিদের রাখা হয়েছে। এজন্য সারাদেশে অঞ্চলভিত্তিক ২৩টি কমিটি গঠন করা হয়েছে।

রবিবার (১২ এপ্রিল) শ্রম মন্ত্রণালয়ের সচিব এর একান্ত সচিব ফয়সাল হকের স্বাক্ষরে এ বিষয়ে একটি পত্র জারি করা হয়েছে। খবর তথ্য বিবরণীর।

তথ্য বিবরণীতে জানানো হয়, এ কমিটির কাজ হবে শ্রমিক-কর্মচারীদের মজুরি/বেতন যথাসময়ে প্রাপ্তি নিশ্চিতকরণ, শ্রম অসন্তোষ সৃষ্টির সম্ভাবনা পরিলক্ষিত হলে যৌথভাবে পরিদর্শন/ তদন্ত করে ব্যবস্থা নেওয়া, শ্রম অসন্তোষ ত্রিপক্ষীয় সালিসের মাধ্যমে নিষ্পত্তি করা, চলমান কারখানার শ্রমিকদের করোনাসংক্রান্ত স্বাস্থ্যবিধি কঠোরভাবে প্রতিপালন নিশ্চিত করা, স্থানীয় প্রশাসন ও শিল্প পুলিশের সঙ্গে সমন্বয় সাধন এবং করোনা ভাইরাস সংক্রমণ রোধে ঘোষিত ‘ঘরে থাকুন, নিরাপদ থাকুন’ এর কারণে কর্মহীন হয়ে পড়া (দিনমজুর, রিকশাচালক, ভ্যানচালক, পরিবহন শ্রমিক ইত্যাদি) শ্রমিকরা যাতে সরকারের আর্থিক/ খাদ্য সহায়তার আওতাভুক্ত হন সে বিষয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করা এবং সুবিধাভোগী শ্রমিকদের ডাটাবেজ তৈরি ও সংরক্ষণ করা।

উল্লেখ্য, প্রয়োজনে এ কমিটি অঞ্চল ভিত্তিক উপ-কমিটি / টিম গঠন করবে। জারি করা পত্রে কমিটিকে সংযুক্ত ছকগুলো অনুসরণ করে প্রতি বৃহস্পতিবারে নিজ নিজ অধিদফতরের মাধ্যমে মন্ত্রণালয়ে সাপ্তাহিক প্রতিবেদন পাঠাতে নির্দেশ দেওয়া হয়।