করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে ঢাকা ও ময়মনসিংহ বিভাগের আট জেলার প্রশাসন, জনপ্রতিনিধি, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, আইনশৃঙ্খলা বাহিনী এবং সশস্ত্র বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্স শুরু হয়েছে।
আজ সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টায় গণভবনে এই ভিডিও কনফারেন্স শুরু হয়। এতে দু’টি বিভাগের আট জেলার মাঠপর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট সবাই যুক্ত থাকবেন।
বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বেসরকারি টিভি চ্যানেল এবং রেডিও স্টেশনগুলো ভিডিও কনফারেন্স সরাসরি সম্প্রচার করছে।
এর আগে শেখ হাসিনা করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে তিন দফা ভিডিও কনফারেন্সে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট ও বরিশাল বিভাগের ৪০টি জেলার সঙ্গে মতবিনিময় করেছেন।
ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানোর পাশাপাশি সংকট উত্তরণের জন্য বিভিন্ন প্রণোদনা প্যাকেজেরও ঘোষণা দেন।
দেশে ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৯১ জন। আক্রান্ত হয়েছে ২ হাজার ৪৫৬ জন। খবর বাসস।