করোনা পরিস্থিতি নিয়ে সোমবার (২৭ এপ্রিল) রাজশাহী বিভাগের ৮ জেলার সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময়ের সময় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘একটা দৃষ্টান্ত স্থাপন হয়েছে। আপনারা দেখেছেন একজন ফকির যদি ভিক্ষাবৃত্তি করে খায়। একটা সাধারণ মানুষ, একসময় কৃষি কাজ করতেন। অ্যাক্সিডেন্ট করে তার পা ভেঙে যায়। তারপর আর কাজ করতে পারেননি। ভিক্ষা করে জীবন চালান। এভাবে ভিক্ষা করে করে মাত্র দশ হাজার টাকা তিনি জমা করেছিলেন। তার থাকার ঘরটা ঠিক করবেন বলে। তার একটা মাত্র পাঞ্জাবি, ছেঁড়া কাপড় গায়ে। তার ঘরে খাবারও ঠিকমতো নেই। কিন্তু তারপরও সেই মানুষটা জমানো দশটি হাজার টাকা তুলে দিয়েছেন করোনায় ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য।’
তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষের মাঝে কিন্তু এখনও এই মানবিক বোধটা আছে। কিন্তু সেটা আমরা পাই কাদের কাছে? যারা নিঃস্ব তাদের কাছে। সবার ভেতরই এই বোধটা থাকা উচিত।’