সীমিত পরিসরে কল-কারখানা খুলে দেওয়ার পক্ষে স্বাস্থ্যমন্ত্রী

 

দেশের অর্থনীতিকে বাঁচাতে সীমিত আকারে শিল্প-কারখানা খুলে দেওয়ার পক্ষে মত দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তবে এটি সঠিক নিয়মে ও দেশের স্বাস্থ্য ব্যবস্থা ঠিক রেখে করতে হবে বলে জানান তিনি।

বুধবার (২৯ এপ্রিল) রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে কোভিড-১৯ চিকিৎসায় নির্মিত অস্থায়ী হাসপাতাল পরিদর্শনে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, ‘করোনার কারণে দেশের মানুষ কর্মহীন হয়ে যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য সীমিত পরিসরে শিল্প,কল-কারখানা খুলে দেওয়া হবে।’

উদাহরণ দিয়ে মন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্র, ইতালি, ফ্রান্সসহ ইউরোপের বহুদেশে লকডাউন শিথিল করা হয়েছে। নিউজিল্যান্ড তো লকডাউন তুলে নিয়ে স্বাভাবিক জীবনযাত্রা শুরু করে দিয়েছে। সবকিছু ঠিক থাকলে আমরাও সামনই স্বাভাবিক জীবন ফিরে পাবো।’

জাহিদ মালেক বলেন, ‘বসুন্ধরা কনভেনশন সেন্টারে দুই হাজার, ডিএনসিসি মার্কেটে এক হাজার ৩০০ এবং উত্তরার দিয়াবাড়িতে এক হাজার ২০০ শয্যা প্রস্তুত করা হচ্ছে। এক সপ্তাহের মধ্যেই এসব জায়গায় রোগী ভর্তি করা যাবে।’

তিনি বলেন,  ‘দেশে এখন ২০ হাজারের মতো আইসোলেশন শয্যা প্রস্তুত রাখা আছে। এর পাশাপাশি রাজধানীসহ জেলা-উপজেলায় আরও ৬০১টি প্রতিষ্ঠান করোনা আইসোলেশনের জন্য প্রস্তুত রয়েছে।’ আরও  আইসোলেশন বেড প্রয়োজন হলে সে ব্যবস্থাও করা যাবে, বলেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, ‘নতুন বেডগুলো এখন প্রায় প্রস্তুত। এক সপ্তাহের মধ্যেই এগুলো স্বাস্থ্য খাতের হাতে বুঝিয়ে দেওয়া হবে।’

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে এসময় উপস্থিত ছিলেন— স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, স্বাস্থ্য মিডিয়া সেলের আহ্বায়ক মো. হাবিবুর রহমান খানসহ প্রমুখ।