ড. আহমদ কায়কাউনের হাতে চেক তুলে দেওয়া হচ্ছে করোনাভাইরাসের প্রাদুর্ভাবে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে এক দিনের বেতনের টাকা দিয়েছেন বিচারিক কর্মকর্তারা। রবিবার (১০ মে) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন (বিজেএস) এর সদস্যরা তাদের এক দিনের বেতনের সমপরিমাণ ৩০ লাখ টাকার চেক হস্তান্তর করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অনুষ্ঠানে যুক্ত হন।
অনাড়ম্বর অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউনের কাছে এই চেক তুলে দেন বিজেএস এর সভাপতি মো. হেলাল চৌধুরী ও মহাসচিব বিকাশ কুমার সাহা। এ সময় আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনাউল্লেখ্য, বাংলাদেশের অধস্তন আদালতের সকল পর্যায়ের বিচারকদের সংগঠন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন।
একই অনুষ্ঠানে বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে অ্যাসোসিয়েশনের সদস্যদের একদিনের বেতনের সমপরিমাণ ১০ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়।
প্রসঙ্গত, বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন আইন, বিচার ও সংসদ-বিষয়ক মন্ত্রণালয়ের অধীন নিবন্ধন অধিদফতরের কর্মকর্তাদের সংগঠন।