বাংলাদেশকে ভেন্টিলেটর ও পিপিই দিলো সুইডিশ কোম্পানি

IMG-20200514-WA0004সুইডেনের কোম্পানি এইচ অ্যান্ড এম (H&M) আটটি ভেন্টিলেটর ও ১৫০০ পিপিই দিয়েছে বাংলাদেশকে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের উপস্থিতিতে এই চিকিৎসা সামগ্রী হস্তান্তর করা হয়। এই সময় সেখানে ছিলেন সুইডেনের রাষ্ট্রদূত শার্লোটা স্লাইটার।

বৃহস্পতিবার (১৪ মে) এই চিকিৎসা সামগ্রী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আসাদুল ইসলামের নিকট হস্তান্তর করেন এইচ অ্যান্ড এম কোম্পানির প্রতিনিধি বশিরুন নবী খান। এই সময় আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।

চিকিৎসা সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী করোনার কারণে সৃষ্ট বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের ক্রয় আদেশ বাতিল না করায় এইচ অ্যান্ড এম কোম্পানিকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘করোনা পরিস্থিতিতে সুইডেনের এই কোম্পানি আদর্শ স্থাপন করেছে এবং অন্যান্য কোম্পনিরও উচিত তাদের মডেল অনুসরণ করা।’

ড. মোমেন গত এপ্রিল মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সুইডেনের প্রধানমন্ত্রীর টেলিফোনের আলাপের কথা উল্লেখ করে বলেন, ‘উভয় দেশ করোনার প্রভাব মোকাবিলায় একসঙ্গে কাজ করে যেতে চায়।’

সুইডেনের রাষ্ট্রদূত শার্লোটা স্লাইটার বলেন, ‘সুইডেন সব সময় বাংলাদেশের পাশে আছে এবং এখন সুইডেনের কোম্পানিও একই পথ অনুসরণ করছে। করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশের সঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি।’