সমুদ্র অর্থনীতিতে সম্ভাবনা দেখছেন অর্থমন্ত্রী

সম্ভাবনার দুয়ার খুলে দেবে সমুদ্র অর্থনীতিবঙ্গোপসাগরের বাংলাদেশের নিয়ন্ত্রিত ১ লক্ষ ১৮ হাজার ৮১৩ বর্গ কিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে থাকা সমুদ্রসম্পদ নিয়ে সম্ভাবনা দেখছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২০-২১ অর্থবছরের বাজেট বক্তৃতায় সমুদ্রসম্পদ আহরণের বিষয়ে সম্ভাবনার কথা বলেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশের রয়েছে বিপুল সম্ভাবনাময় সুনীল অর্থনীতি। বঙ্গোপসাগরের ১ লক্ষ ১৮ হাজার ৮১৩ বর্গকিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে থাকা বিশাল এই সমুদ্রসম্পদের সামান্যতম অংশ উত্তোলন ও আহরণ করা সম্ভবপর হলে আমাদের অর্থনীতিতে তার অবদান হবে ব্যাপক। সে জন্যে রূপকল্প ২০৪১-তে বঙ্গোপসাগরের সম্পদ অনুসন্ধান, আহরণ এবং তার যথাযথ ব্যবহার নিশ্চিতকরণের ওপর জোর দেওয়া হয়েছে। গভীর সমুদ্রে মৎস্য ও অন্যান্য সম্পদের তথ্য সংগ্রহে আধুনিক জরিপ পরিচালনা করা হচ্ছে। যা সম্পন্ন হলে দেশের সমুদ্রসম্পদ সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাওয়া যাবে।
তিনি বলেন, বেসরকারি খাতেও গভীর সমুদ্রে মৎস্য আহরণের সক্ষমতা তৈরির জন্য সরকার পৃষ্ঠপোষকতা করবে। বাংলাদেশের মৎস্যজীবীরা অগভীর পানিতে মাছ ধরে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, গভীর সমুদ্রে টুনা মাছসহ অন্যান্য মৎস্য সম্পদের অপার সম্ভাবনা রয়েছে। সামুদ্রিক মৎস্যসম্পদ আহরণে সরকার কাজ করছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, সরকার গভীর সমুদ্রে মৎস্য আহরণের উপযোগী জাহাজ সংগ্রহের জন্য প্রকল্প হাতে নিয়েছে।