ব্রাসেলসে নতুন রাষ্ট্রদূত মাহবুব হাসান

মাহবুব হাসান সালেহপররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা মাহবুব হাসান সালেহকে ব্রাসেলসে নতুন রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (২৯ জুন) এ সংক্রান্ত একটি নির্দেশ জারি করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আগামী ৩১ জুলাই এর পরে যেকোনও দিন নতুন পদে যোগদান করার নির্দেশ দেওয়া হয়েছে তাকে।
মাহবুব হাসান সালেহ ব্রাসেলসে বর্তমান রাষ্ট্রদূত মোহাম্মাদ শাহাদাত হোসেনের স্থলাভিষিক্ত হবেন। শাহাদাতের মেয়াদ আগামী ৩১ জুলাই পর্যন্ত আছে। এরপর তিনি অবসরে যাবেন।
১৫ ব্যাচ বিসিএস পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা সালেহ মাহবুব হাসান সালেহ বর্তমানে ওয়াশিংটনে মিশন উপ-প্রধান হিসাবে কর্মরত আছেন। এর আগে তিনি দিল্লিতে মিশন উপ-প্রধান হিসাবে কর্মরত ছিলেন। ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি ইউরোপ অণুবিভাগের মহাপরিচালক, আমেরিকাস অণুবিভাগের পরিচালক হিসাবেও কাজ করেছেন।
উল্লেখ্য ইউরোপীয় ইউনিয়নের সদর দফতর ব্রাসেলসে হওয়ায় ওই মিশনটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ইইউ দেশগুলোতে বাংলাদেশ যে সুবিধা পায় সেটির বড় অংশের দর কষাকষি ওখানেই হয়। এছাড়া ইউরোপের একটি ক্ষমতার কেন্দ্রবিন্দু হওয়ার কারণে ব্রাসেলসে সরকারবিরোধী তৎপরতা অনেক বেশি।