২২ জুলাই সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন লেকে মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করবেন। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ব্যানার, ফেস্টুনসহ ঢাকার গুরুত্বপূর্ণ সড়ক-দ্বীপ সজ্জিত করা হচ্ছে। একইদিনে ঢাকাসহ সকল বিভাগীয় শহরে বিভিন্ন ট্রাফিক সিগন্যাল ও দর্শনীয় স্থানে অবস্থিত ডিজিটাল ডিসপ্লেতে মৎস্য খাতে বাংলাদেশ সরকারের অবদান এবং অর্জন স্ক্রল ও টিভিসি আকারে প্রচার করা হচ্ছে।
দ্বিতীয় দিনে (২২ জুলাই) জাতীয় দৈনিক পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশ করা হবে।
কর্মসূচির তৃতীয় দিন বিকেলে রাষ্ট্রপতি আবদুল হামিদ বঙ্গভবন লেকে মাছের পোনা অবমুক্ত করবেন। একইদিনে বিভিন্ন বিশ্ববিদ্যালয় পুকুর ও লেকে, ঢাকার রামকৃষ্ণ মিশন ও ইডেন কলেজ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হবে। মৎস্য গবেষণা ইনস্টিটিউট কর্তৃক বিনামূল্যে ছোট মাছ ও বিপন্ন মাছ সংরক্ষণে হ্যাচারি মালিক ও উদ্যোক্তাদের মাঝে জার্ম-প্লাজম বিতরণ করা হবে।
পঞ্চম দিনে স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী জাতীয় সংসদ ভবনের লেকে মাছের পোনা অবমুক্ত করবেন। এদিন সাভারস্থ বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হবে। কর্মসূচির ষষ্ঠ দিনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম উত্তরার সাংগাম লেকে মাছের পোনা অবমুক্ত করবেন।
সপ্তম ও সমাপনী দিনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ধানমন্ডি লেকে মাছের পোনা অবমুক্ত করবেন। মৎস্য অধিদপ্তর ও বিভাগীয় মৎস্য কর্মকর্তাদের সাথে মতবিনিময় করে মৎস্য সপ্তাহের সমাপ্তি টানবেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।