রাষ্ট্রীয় মর্যাদা ছাড়া মুক্তিযোদ্ধাকে দাফনের ঘটনা তদন্তের নির্দেশ

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় মুক্তিযোদ্ধা ডা. আলী আশরাফকে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়া দাফন করার বিষয়ে তদন্ত করার নির্দেশ দিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। মঙ্গলবার (২৮ জুলাই) এ বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব (প্রশাসন) জাহাঙ্গীর হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠিতে চট্টগ্রাম জেলা প্রশাসককে বিষয়টি জরুরি ভিত্তিতে তদন্তের নির্দেশনা দেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা সুফি আব্দুল্লাহিল মারুফ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়, চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় মুক্তিযোদ্ধা ডা. আলী আশরাফকে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়া দাফন করার সংবাদ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হয়েছে। একজন বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদা বঞ্চিত হওয়া সরকারের কাম্য নয়।
এছাড়া মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ অনাকাঙ্ক্ষিত এ ঘটনায় চট্টগ্রাম জেলা প্রশাসকের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।