আবহাওয়াবিদ বজলুর রশীদ বলেন, ‘সাগরের লঘুচাপটি স্থলভাগে উঠে এসেছে। এ কারণে ঝড়ো হাওয়া কমে এলেও বৃষ্টি হবে। বিশেষ করে দক্ষিণাঞ্চলে প্রচুর বৃষ্টি হতে পারে। এছাড়া এর প্রভাবে সারাদেশেই কম বেশি বৃষ্টি হতে পারে।’ তিনি বলেন, ‘আগামীকাল পর্যন্ত এই আবহাওয়া বজায় থাকতে পারে।’
আবহাওয়া অধিদফতরের এক সতর্ক বার্তায় বলা হয়, উত্তর বঙ্গোপসাগরে মৌসুমী বায়ু সক্রিয় এবং বায়ু চাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর ফলে উত্তর বঙ্গোপসাগর, উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
লঘুচাপের প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, লক্ষ্মীপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, পিরোজপুর, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা ও তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলোর নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে এক থেকে দুই ফুট বেশি উচ্চতার বায়ুতাড়িত জোয়ারের পানিতে প্লাবিত হতে পারে।
এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
অন্যদিকে, আজ দিবাগত (১২ আগস্ট) রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, রংপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্র-বৃষ্টিসহ অস্থায়ী ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রংপুর বিভাগের অধিকাংশ জায়গায়, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পার। সেইসঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে।
আজ দেশের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে কক্সবাজারে ১৫৫ মিলিমিটার। এছাড়া ঢাকা বিভাগের মধ্যে গোপালগঞ্জে ২৭, নেত্রকোনায় ১৫, সিলেটে ৯, রাজশাহী বিভাগের ঈশ্বরদীতে ৫, রংপুর বিভাগের মধ্যে তেঁতুলিয়ায় ১১, খুলনা বিভাগের মধ্যে সাতক্ষীরায় ৬৫ এবং বরিশালের পটুয়াখালীতে ৭০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।