মেঘনা নদীতে সেতু হচ্ছে

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালভুলতা-আড়াইহাজার-বাঞ্ছারামপুর সড়কে মেঘনা নদীর ওপর একটি সেতু নির্মাণ করা হচ্ছে। এ সংক্রান্ত একটি প্রকল্প প্রস্তাব সরকারি অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে নীতিগত অনুমোদন পেয়েছে।
বুধবার (১৯ আগস্ট) সচিবালয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনলাইনে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এটি অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে বিআইডব্লিউটিএ কর্তৃক বাস্তবায়নাধীন ‘৩৫টি ড্রেজার ও সহায়ক জলযানসহ আনুষঙ্গিক সরঞ্জামাদি সংগ্রহ এবং প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ’ শীর্ষক প্রকল্পের প্যাকেজ-০২ (লট-১ ও লট-২)-এর আওতায় ১৭টি টাগবোট সংগ্রহের লক্ষ্যে সরাসরি ক্রয় পদ্ধতি অনুকরণের প্রস্তাব এবং নীলফামারী জেলার সাবেক জুট ট্রেডিং করপোরেশন (জেটিসি) বর্তমান বাংলাদেশ জুট করপোরেশনের (বিজেসি) মেসার্স হৃদকরণ নামীয় অঙ্গনের ০.০৯ একর সম্পত্তি ক্রেতা বরাবর রেজিস্ট্রি দলিল প্রদানের বিষয়টিও নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
বৈঠকে শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের জানান, ঢাকা থেকে আড়াইহাজার-বাঞ্ছারামপুর হয়ে ব্রাহ্মণবাড়িয়া এবং ভারতের আগরতলার সঙ্গে দ্রুত সময়ে যোগাযোগের জন্য ‘ভুলতা-আড়াইহাজার-বাঞ্ছারামপুর সড়কের মেঘনা নদীর ওপর সেতু নির্মাণ’ প্রকল্পটি প্রকিউরমেন্ট গাইডলাইনের পর পিপিপি প্রজেক্ট ২০১৮-এর ধারা অনুযায়ী পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) ভিত্তিতে বাস্তবায়নে অনুমোদনের জন্য অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভায় উত্থাপন করা হলে তাতে নীতিগত অনুমোদন দেওয়া হয়।
এটি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) বা অন্য কোনও পদ্ধতিতে হলেও আপত্তি নেই বলে জানান অর্থমন্ত্রী।