পর্যটনকে কেন্দ্র করে স্থানীয় উন্নয়নের পরামর্শ পর্যটন প্রতিমন্ত্রীর

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী স্থানীয় পর্যায়ে যেকোনও উন্নয়ন প্রকল্প গ্রহণের ক্ষেত্রে পর্যটনের কথা বিবেচনায় রাখতে প্রশাসনকে আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। শনিবার (২২ আগস্ট) বাংলাদেশ ট্যুরিজম বোর্ড আয়োজিত নাটোর জেলার সঙ্গে অনলাইন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি এই আহ্বান জানান।

মাহবুব আলী বলেন, ‘স্থানীয় পর্যায়ে যে কোনও উন্নয়ন প্রকল্প গ্রহণের ক্ষেত্রে পর্যটনকে বিবেচনায় রাখতে হবে। স্থানীয় প্রশাসন পর্যটনের সঙ্গে সংশ্লিষ্ট প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে প্রণয়ন ও বাস্তবায়ন করবেন। পর্যটন স্থাপনা উন্নয়ন, সংরক্ষণ ও সংস্কার করতে হবে। পর্যটনকেন্দ্রের রাস্তা প্রশস্ত করার পরিকল্পনা প্রণয়ন ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘দেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক পুরাকীর্তি ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থানসহ সকল পর্যটন কেন্দ্র সংরক্ষণে স্থানীয় প্রশাসনকে গুরুত্বের সঙ্গে কাজ করতে হবে। ভূমিদস্যু ও দুষ্টুচক্ররা যাতে এই সমস্ত গুরুত্বপূর্ণ স্থান ও স্থাপনার কোনও ক্ষতি করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। বেদখলকৃত ঐতিহাসিক স্থাপনাসমূহ পুনরুদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। যারা ঐতিহাসিক স্থাপনা ও পর্যটনের ক্ষতি করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’

মাহবুব আলী আরও বলেন, ‘কোভিড-১৯ পরবর্তী সময়ে দেশের পর্যটন স্থানগুলিতে পর্যটকের ভীড় বাড়বে। সেই সময়ের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। পর্যটকরা যেনও সঠিক ও উপযুক্ত পরিবেশ পায় স্থানীয় প্রশাসনকে তা নিশ্চিত করবে। পর্যটন সম্পর্কে জনসচেতনতা তৈরি করার জন্য পাঠ্যপুস্তকে পর্যটন বিষয়ক রচনা অন্তর্ভুক্ত করার জন্য শিক্ষা মন্ত্রণালয়কেও অনুরোধ করা হবে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের দেশে ঘুরতে আসা পর্যটকদের একটি উল্লেখযোগ্য অংশ পার্শ্ববর্তী ভারত, নেপাল ও ভুটানের নাগরিক। তারা আমাদের ঐতিহাসিক ও ধর্মীয় স্থাপনাসমূহ পর্যটনে আসেন। তাদের জন্য পর্যটক ভিসা সহজ করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সঙ্গে আলাপ-আলোচনা করে ব্যবস্থা গ্রহণ করা হবে। এতে সংশ্লিষ্ট দেশগুলো থেকে পর্যটকের আগমন বৃদ্ধি পাবে।’

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক আবু তাহের মুহাম্মদ জাবের-এর সঞ্চালনায় ও নাটোর জেলার জেলা প্রশাসক মো. শাহরিয়াজ-এর সভাপতিত্বে কর্মশালায় আরও বক্তব্য রাখেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস, নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল, সংরক্ষিত আসনের সংসদ সদস্য রত্না আহমেদ ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা জাবেদ আহমেদ প্রমুখ।