মুজিববর্ষেই যুক্তরাষ্ট্রে পলাতক বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি রাশেদ চৌধুরীকে দেশে আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। সোমবার (৩১ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ মিলনায়তনে জনতার প্রত্যাশা আয়োজিত ‘দেশবাসী বিদেশে পলাতক বঙ্গবন্ধুর খুনিদের দেশে এনে ফাঁসি কার্যকর দেখতে চায়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা জানান।
আব্দুল মোমেন বলেন, ‘মিথ্যা তথ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেন্ট হয়েছে খুনি রাশেদ চৌধুরী। আমরা সেসব তথ্য যুক্তরাষ্ট্রকে জানিয়েছি। আশা করছি, বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে তাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করা যাবে। বিদেশে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত পাঁচ জন খুনি আছেন, যাদের মধ্যে দুই জনের তথ্য আমাদের কাছে আছে।’
তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের পাশাপাশি কানাডায় পলাতক আরও একজনের তথ্যও আমাদের কাছে আছে। তাকেও ফিরিয়ে আনার জন্য আলোচনা করছি। বাকি তিন জনের বিষয়ে আমাদের কাছে ভাসাভাসা তথ্য রয়েছে। বিদেশে পলাতক খুনিদের ফিরিয়ে আনতে চেষ্টা চলছে। কাউকে ছাড় দেওয়া হবে না।’
অনুষ্ঠান শেষে করোনার ভ্যাকসিন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশের জনগণের জন্য যেটা মঙ্গলজনক আমরা সেটাই করবো। যে দেশ যত তাড়াতাড়ি করোনাভাইরাসের ভ্যাকসিন আনবে, আমরা সেটি দেশে আনার চেষ্টা করবো। এর জন্য আলোচনা চলছে।’
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন—মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ভাইস চেয়ারম্যান আবদুল হাই, সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব সফিকুল বাহার মজুমদার, কৃষক লীগের সাবেক সহ-সভাপতি শেখ মোহাম্মদ জাহাঙ্গীর আলম, স্বাধীনতা পরিষদের সভাপতি জিন্নাত আলী খান জিন্নাহ প্রমুখ।