নওগাঁ-৬ ও ঢাকা-৫ আসনের তফসিল বৃহস্পতিবার

নির্বাচন কমিশননওগাঁ-৬ ও ঢাকা-৫ আসনের নির্বাচনের তফসিল বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ঘোষণা করা হবে বলে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর সাংবাদিকদের জানিয়েছেন।

বুধবার (২ সেপ্টেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।  আগামী ১৭ অক্টোবর এই দুই আসনে ভোট হওয়ার কথা আগেই জানিয়েছিল সংস্থাটি। এখন কেবল বিস্তারিত তফসিল দেওয়া হবে।

ইসি সচিব বলেন, ‘আগামী ১৭ অক্টোবর আসন দু’টিতে ভোট হবে, সে কথা আমরা আগেই জানিয়েছি। বৃহস্পতিবার বিস্তারিত তফসিল দেওয়া হবে। এক্ষেত্রে মনোনয়নপত্র দাখিলের শেষ সময়, মনোনয়নপত্র যাচাই-বাছাই, আপিল নিষ্পত্তি, প্রার্থিতা প্রত্যাহার এবং প্রতীক বরাদ্দের সময়সূচি জানানো হবে।’

সরকার দলের এমপি হাবিবুর রহমান মোল্লা গত ৬ মে মৃত্যুবরণ করলে ঢাকা-৫ আসনটি শূন্য হয়। এ আসনে ভোট করার শেষ সময় ১ নভেম্বর। আর ২৭ জুলাই নওগাঁ-৬ আসনে আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্য ইসরাফিল আলম করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করায় আসনটি ওইদিন শূন্য হয়েছে। সে অনুযায়ী,৯০ দিনের হিসেবে ২৪ অক্টোবরের মধ্যে এ আসনে ভোট করার বাধ্যবাধকতা রয়েছে।

স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে ইসি সচিব বলেন, ‘আগামী অক্টোবর থেকেই পৌরসভার বিভিন্ন নির্বাচন শুরু করা হবে। যে নির্বাচন বন্ধ হয়ে আছে,বা আইনি জটিলতা আছে সেগুলো নিয়েও আমরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করছি। এছাড়া ইউনিয়ন পরিষদের স্থগিত বা উপ-নির্বাচনগুলোও করে ফেলা হবে।’

তিনি বলেন, ‘আগামী অক্টোবর থেকে যথারীতি সসব নির্বাচনই করা হবে। করোনা পরিস্থিতি যদি বর্তমান অবস্থা থেকে অবনতি না ঘটে তবে, কোনও নির্বাচন আর পেছানো হবে না। যখন যে নির্বাচনের সময় হবে, তখনই সেটা সম্পন্ন করে ফেলা হবে।’