দেশের সব মসজিদের বৈদ্যুতিক সংযোগ পরীক্ষার আহ্বান

ইসলামিক ফাউন্ডেশনদেশের সব মসজিদের বৈদ্যুতিক সংযোগ পরীক্ষার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। রবিবার জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের সব মসজিদে, বিশেষ করে যে সকল মসজিদে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র আছে সেগুলোতে বৈদ্যুতিক সংযোগ, শর্ট সার্কিটসহ অন্যান্য দুর্ঘটনা রোধে ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয়/জেলা কার্যালয়ের তত্ত্বাবধানে স্থানীয় প্রশাসনসহ গণপূর্ত অধিদফতর ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের সহযোগিতায় মসজিদ কমিটির সক্রিয় অংশগ্রহণে জরুরিভিত্তিতে পরীক্ষা ও মেরামতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে নির্দেশনা প্রদান করা হয়েছে। এই প্রেক্ষিতে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে বাংলাদেশের সব মসজিদের বৈদ্যুতিক সংযোগগুলো শর্ট সার্কিটসহ বিভিন্ন দুর্ঘটনা রোধে জরুরিভিত্তিতে পরীক্ষা ও মেরামত করার আহ্বান জানানো হয়েছে।