সূত্র জানায়, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সরকারের সিদ্ধান্ত মতে রাষ্ট্রায়ত্ত করিম জুটমিল বন্ধ করে দেওয়ার সময় কর্মরত স্থায়ী ১ হাজার ৭৫৯ জন শ্রমিকের পাওনা পরিশোধের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু করবেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। একইসঙ্গে এই মিল থেকে স্বাভাবিকভাবে অবসরে যাওয়া ৬১২ জন শ্রমিকের পাওনা পেনশনের টাকাও কাল পরিশোধ করা হবে।
জানা গেছে, এর জন্য ১১৪ কোটি টাকা ছাড় করেছে অর্থ মন্ত্রণালয়। এই অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানও উপস্থিত থাকবেন বলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
সূত্র জানিয়েছে, শ্রমিকদের পাওনা টাকা তাদের ব্যাংক হিসেবে পাঠানো হবে। একইসঙ্গে সঞ্চয়পত্রের মাধ্যমেও পাওনা পরিশোধ করা হবে। সরকারের সিদ্ধান্ত মোতাবেক শ্রমিকদের মোট পাওনা টাকার অর্ধেক সঞ্চয়পত্রের মাধ্যমে পরিশোধ করা হবে। চলতি সেপ্টেম্বরের মধ্যে পর্যায়ক্রমে বাকি মিলগুলোর শ্রমিকদের পাওনা টাকা পরিশোধের কাজ শেষ হবে বলে জানিয়েছে পাট মন্ত্রণালয়।
জানা গেছে, করিম জুটমিলে স্থায়ী বা অস্থায়ী ভিত্তিতে কাজ করা মোট শ্রমিক ছিল ৪ হাজার ৯৯৬ জন। মিল যখন বন্ধ করা হয় তখন কর্মরত স্থায়ী শ্রমিকের সংখ্যা ছিল ১ হাজার ৭৫৯ জন। মিল বন্ধের আগে অবসরে গেছেন ৬২৫ জন। বাকি ২ হাজার ৬২৫ জন শ্রমিক অস্থায়ী ভিত্তিতে কাজ করতেন। তাদের পাওনা খুব বেশি নয়। শিগগিরই তাদের পাওনাও পরিশোধ করা হবে।