বৈঠকে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয়, প্রতি ওয়াক্ত নামাজের সময় মসজিদের মাইক থেকে মাস্ক পরা, কিছুক্ষণ পর পর হাত ধোয়া, নাক, মুখ ও চোখ অপরিষ্কার হাত দিয়ে স্পর্শ না করা এবং সব কাজে সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয় প্রচার করতে মসজিদের খতিব-ইমামদের প্রতি আহ্বান জানানো হয়। কোভিড-১৯ সংক্রমণের সেকেন্ড ওয়েভ প্রতিরোধে প্রয়োজনীয় প্রস্তুতি ও করণীয় বিষয়ে স্বাস্থ্যবিধি অনুসরণের ব্যাপক প্রচারণার উপায় উদ্ভাবনের লক্ষ্যে আলেম-ওলামাদের নিয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারি আকার ধারণ করায় বাংলাদেশের ঝুঁকিপূর্ণ পরিস্থিতি বিবেচনায় সরকারের বিভিন্ন কর্মসূচি ও বিধিনিষেধ বাস্তবায়নে বাংলাদেশের আলেম-ওলামারা অকুণ্ঠ সমর্থন ও সহযোগিতা প্রদান করেছেন। বিশেষ করে সারা দেশের সম্মানিত খতিব-ইমামরা মসজিদের মাইক থেকে বারবার প্রচার চালানোয় বাংলাদেশের সব মসজিদে স্বাস্থ্যবিধি অনুসরণ ও সামাজিক দূরত্ব নিশ্চিত করে নামাজ আদায় করা হচ্ছে। তবে করোনাভাইরাস পরিস্থিতি এখনও চলমান রয়েছে এবং সংক্রমণ প্রক্রিয়া অব্যাহত রয়েছে। আসন্ন শীত মৌসুমে সংক্রমণ পরিস্থিতির আরও অবনতি হয়ে মারাত্মক আকার ধারণ করতে পারে বলে বিশেষজ্ঞরা অভিমত দিয়েছেন। কোভিড-১৯-এর সম্ভাব্য দ্বিতীয় সংক্রমণ পরিস্থিতিতে জনজীবনের সর্বক্ষেত্রে স্বাস্থ্যবিধি অনুসরণ ও সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য জনসচেতনতা সৃষ্টিতে মসজিদের খতিব ও ইমামদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শোলাকিয়া ঈদগাহের ইমাম ফরীদ উদ্দিন মাসউদ, দারুল উলুম রামপুরার মুহতামিম মাওলানা ইয়াহইয়া মাহমুদ, তেজগাঁও মদীনাতুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রাজ্জাক, ঢাকা নেছারিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মাওলানা কাফীলুদ্দীন সরকার, মহাখালী হোসাইনিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মাওলানা নজরুল ইসলাম আল মারূফ, জামিয়া মাদানি যাত্রাবাড়ীর মুহাদ্দিস মাওলানা উবায়দুর রহমান খান নদভী, নারায়ণগঞ্জ ভূমিপল্লী জামে মসজিদের খতিব শায়খ আহমদুল্লাহ, দারুন্নাজাত কামিল মাদ্রাসার মাওলানা মো. ওসমান গণি সালেহী ও হাফেজ মাওলানা আমজাদ হোসাইন প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব গাজীউদ্দিন মোহাম্মদ মুনীর, আইইডিসিআর-এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এএসএম আলমগীর, মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব মোহাম্মদ আমিনুল ইসলাম খান, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ মহীউদ্দিন মজুমদার, নূর মোহাম্মদ আলম ও আনিসুজ্জামান সিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।