দেশে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন এক হাজার ৪৯৯ জন। এ নিয়ে এখন পর্যন্ত শনাক্ত হলেন ৩ লাখ ৭১ হাজার ৬৩১ জন। গত ২৪ ঘণ্টায় ৩০ জন মারা গেছেন। এ নিয়ে মোট পাঁচ হাজার ৪০৫ জন করোনায় মারা গেলেন। ২৪ ঘণ্টায় এক হাজার ৬৫১ জন এবং এখন পর্যন্ত দুই লাখ ৮৪ হাজার ৮৩৩ জন সুস্থ হয়েছেন।
মঙ্গলবার (৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৩৯৮টি নমুনা সংগ্রহ এবং ১২ হাজার ৩৪৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ২০ লাখ ১৩ হাজার ৭৭৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্ত বিবেচনায় গত ২৪ ঘণ্টায় ১২ দশমিক ১৪ শতাংশ এবং এখন পর্যন্ত ১৮ দশমিক ৪৫ শতাংশ শনাক্ত হয়েছেন। শনাক্ত বিবেচনায় সুস্থ হয়েছেন ৭৬ দশমিক ৬৪ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৪৫ শতাংশ।
২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ২০ জন পুরুষ এবং ১০ জন নারী। এখন পর্যন্ত ৪ হাজার ১৭৫ জন পুরুষ এবং এক হাজার ২৩০ জন নারী মারা গেছেন। বয়স বিশ্লেষণে দেখা যায়, তাদের মধ্যে ষাটোর্ধ্ব ১৭ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৭ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন এবং ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন। বিভাগ বিশ্লেষণে দেখা যায়, ঢাকা বিভাগে ১৯, চট্টগ্রাম বিভাগে ৪, খুলনা ২, বরিশালে ২, সিলেটে এক এবং রংপুরে ২ জন রয়েছেন। ২৪ ঘণ্টায় ৩০ জনই হাসপাতালে মারা গেছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে রাখা হয়েছে ২০৯ জনকে। বর্তমানে আইসোলেশনে আছেন ১৪ হাজার ১৩৪ জন। আইসোলেশন থেকে ২৪ ঘণ্টায় ২৬৪ জন এবং এখন পর্যন্ত ৬৮ হাজার ২৬৫ জন ছাড় পেয়েছেন। এখন পর্যন্ত আইসোলেশন করা হয়েছে ৮২ হাজার ৩৯৯ জনকে। প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টিন মিলে ২৪ ঘণ্টায় কোয়ারেন্টিন করা হয়েছে ৭৬২ জন। কোয়ারেন্টিন থেকে গত ২৪ ঘণ্টায় এক হাজার ৫২ জন এবং এখন পর্যন্ত ৪ লাখ ৯৬ হাজার ১৭৭ জন ছাড় পেয়েছেন। এখন পর্যন্ত কোয়ারেন্টিন করা হয়েছে ৫ লাখ ৩৭ হাজার ৮৪৪ জনকে। বর্তমানে কোয়ারেন্টিনে আছেন ৪১ হাজার ৬৬৭ জন।