ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের ডেপুটি সেক্রেটারি বিগান

স্টিফেন ই. বিগান

যুক্তরাষ্ট্রের ডেপুটি সেক্রেটারি অব স্টেট স্টিফেন ই. বিগান আগামী ১৪ অক্টোবর তিন দিনের সফরে বাংলাদেশে আসছেন। এর আগে ১২ অক্টোবর তিনি ভারত সফরে আসবেন।

শুক্রবার (৯ অক্টোবর) ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিগান ১৪ অক্টোবর ঢাকায় আসবেন এবং ১৬ অক্টোবর পর্যন্ত তিনি বাংলাদেশে অবস্থান করবেন। সফরকালে তিনি বাংলাদেশের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং আলোচনার মাধ্যমে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অংশীদারিত্বের বিষয়টি পুনর্নিশ্চিত করবেন।

সফরকালে ডেপুটি সেক্রেটারি বিগান একটি স্বাধীন, অবাধ, অন্তর্ভুক্তিমূলক, শান্তিপূর্ণ ও নিরাপদ ইন্দো-প্যাসিফিক অঞ্চল গড়ে তোলার বিষয়সহ কোভিড-১৯ মোকাবিলা, অর্থনীতি পুনরুদ্ধার এবং টেকসই অর্থনৈতিক উন্নয়ন প্রচেষ্টায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অংশীদারিত্ব ও যৌথ সহযোগিতা নিয়ে আলোচনা করবেন।

এর আগে ১২ অক্টোবর যুক্তরাষ্ট্রের ডেপুটি সেক্রেটারি অব স্টেট ভারতের নয়া দিল্লিতে পৌঁছাবেন। ১৪ অক্টোবর পর্যন্ত ভারতে অবস্থানকালে তিনি ভারতের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং ইন্ডিয়া-ইউএস ফোরামে প্রধান বক্তা হিসেবে মূল বক্তব্য রাখবেন।

গত ৬ অক্টোবর যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব স্টেট মাইক পম্পেওর সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয় শঙ্করের বৈঠকের পরপরই চলতি মাসের শেষের দিকে অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্র ও ভারতের মন্ত্রী পর্যায়ের সংলাপ "ইউএস-ইন্ডিয়া ২+২ মিনিস্ট্রিয়াল ডায়লগ"-এর প্রাক্কালে ডেপুটি সেক্রেটারি বিগানের এই ভারত সফরে ইউএস-ইন্ডিয়া কমপ্রিহেনসিভ গ্লোবাল স্ট্র্যাটিজিক পার্টনারশিপ (যুক্তরাষ্ট্র ও ভারতের সমন্বিত বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্ব) এগিয়ে নেওয়া এবং কীভাবে যুক্তরাষ্ট্র ও ভারত ইন্দো-প্যাসিফিক অঞ্চলসহ বিশ্বজুড়ে শান্তি, সমৃদ্ধি এবং নিরাপত্তাকে এগিয়ে নিতে একসঙ্গে কাজ করতে পারে, তার ওপর আলোকপাত করা হবে।