আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে সামনে রেখে তথ্য প্রযুক্তিনির্ভর ‘ডিজিটাল বাংলাদেশ’ বিনির্মাণ প্রচেষ্টায় স্বপ্ন দেখিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারই ধারাবাহিকতায় এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের বছরে বাংলাদেশ সেনাবাহিনী ও বিএসসিএল তাদের কর্মক্ষেত্রে সহযোগিতার হাতকে প্রসারিত করার লক্ষ্য নিয়ে অত্যন্ত সময়োপযোগী একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে। সেনাবাহিনী একটি স্যাটেলাইট হাব স্টেশন স্থাপন এবং নয়টি অটো ট্র্যাকিং টার্মিনাল স্টেশন স্থাপনের প্রক্রিয়া প্রায় সম্পন্ন করেছে।
এই চুক্তির আওতায় সেনাবাহিনী এবং বিএসসিএল তাদের নিজেদের দক্ষ জনবল কাজে লাগিয়ে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে অত্যাধুনিক স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা দ্বারা উন্নত টেলিযোগাযোগ অবকাঠামো বিনির্মাণে বিশেষ ভূমিকা রাখবে। এছাড়াও স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, সম্প্রসারণ এবং ব্যবস্থাপনায় উভয় সংগঠনই যথাযথ অবদানের ক্ষেত্র সৃষ্টির মাধ্যমে বর্তমান সরকারের ‘ডিজিটাল বাংলাদেশ’ নির্মাণে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে সক্ষম হবে। একইসঙ্গে প্রশিক্ষণ, সেমিনার, কর্মশালার মাধ্যমে অর্জিত জ্ঞান আদান প্রদান সম্ভব হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার ও বিশেষ অতিথি ছিলেন সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল সফিকুর রহমান এবং বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ। এছাড়া উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. আফজাল হোসেন।