বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে ডিএমপি হেডকোয়ার্টার্সে শারদীয় দুর্গা পূজা উদযাপন উপলক্ষে ঢাকা মহানগর এলাকার নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন।
ডিএমপি কমিশনার উপস্থিত সকলকে আসন্ন শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘করোনার কারণে বিভিন্ন জাতীয় পর্যায়ের অনুষ্ঠান সংক্ষিপ্ত আকারে করা হচ্ছে। পূজামণ্ডপে মাস্ক ছাড়া কাউকে প্রবেশ করতে দেবেন না। স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে দর্শনার্থীদের পূজামণ্ডপে প্রবেশের ব্যবস্থা করার পরামর্শ রইলো।’
ডিএমপি কমিশনার বলেন, ‘করোনার দ্বিতীয় ঢেউয়ের আশঙ্কার পরিপ্রেক্ষিতে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে রাখার উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ মণ্ডপগুলোতে করোনা জয়ী পুলিশ সদস্যরা ডিউটিতে নিয়োজিত থাকবেন।’
সমন্বয় সভায় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গৃহীত নিরাপত্তা ব্যবস্থা, পূজামণ্ডপ কেন্দ্রিক ট্রাফিক ব্যবস্থাপনা এবং আয়োজকদের প্রতি ডিএমপির নির্দেশনার বিষয়ে জানানো হয়।
এই সমন্বয় সভায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা, ফায়ার সার্ভিস, র্যাব, আনসারের প্রতিনিধি এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, ঢাকা মহানগর সর্বজনীন পূজা উদযাপন কমিটি ও বাংলাদেশ রামকৃষ্ণ মিশনের নেতারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, মহাষষ্ঠীর মধ্য দিয়ে আগামী ২২ অক্টোবর শারদীয় দুর্গা পূজা শুরু হবে, আর ২৬ অক্টোবর বিজয়া দশমী এবং বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে।