২৫ টাকা দরে আলু কিনতে ভিড়

টিসিবিতে আলু বিক্রি

বাজারে আলুর দাম ৫০ টাকা ছাড়িয়ে যাওয়ায় ২৫ টাকা কেজি দরে আলু বিক্রির ঘোষণা দেয় বাংলাদেশ ট্রেডিং করপোরেশন (টিসিবি)। এই দামে আলু পাওয়া যাচ্ছে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় টিসিবির ট্রাক সেল পয়েন্টে। আর সেই আলু কিনতে সকাল থেকেই টিসিবির বিভিন্ন ট্রাক পয়েন্টে ভিড় করতে শুরু করেন নিম্ন আয়ের মানুষ।

বুধবার (২১ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের পাশে অবস্থিত টিসিবির ট্রাকের সামনে সকাল ১০টা থেকেই ভিড় করতে থাকেন মানুষজন। অনেকে ২৫ টাকা দরে আলু পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন। আবার অনেকে দীর্ঘ সময় অপেক্ষা করেও আলু না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। বেলা সাড়ে ১১টার দিকেও শতাধিক মানুষকে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

আলু কিনতে আসা মায়া নামের একজন বলেন, ‘সেই সকাল ১০টা থেকে সিরিয়ালে আছি। অনেকে সিরিয়াল ভঙ্গ করেও ক্ষমতা দেখিয়ে জিনিসপত্র কিনে নিয়ে যাচ্ছে। আমরা এখনও ট্রাকের কাছেই পৌঁছাতে পারিনি। বাজারে সবকিছুর দাম এত, যে টাকা বেতন পাই তা দিয়ে সংসার চালানো মুশকিল। তাই সরকার কম দামে আলু বিক্রির ঘোষণা দেওয়ায় এখানে এসেছি।’

সুমন নামের আরেকজন বলেন, ‘দীর্ঘ সময় লাইনে থেকেও কিছু কিনতে পারছি না। মানুষের তো বিবেক থাকা দরকার যে, এতগুলো মানুষ লাইনে আছে তাদের টপকে ক্ষমতা দেখিয়ে লাইন ভঙ্গ করে তারা পণ্য কিনছেন। এতে করে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।’

এদিকে ওই ট্রাকটির পরিচালক মো. ইকবাল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা সবাইকে দেওয়ার চেষ্টা করছি। দুই-একজন হয়তো লাইন ছাড়া নিয়েছে। তবে আমরা লাইনেই বেশি দিচ্ছি।’

তিনি আরও বলেন, ‘আজ গোডাউন থেকে ৩০০ কেজি আলু এনেছি। বেলা সাড়ে ১১টার মধ্যে প্রায় ২০০ কেজি আলু বিক্রি হয়ে গেছে। আমরা প্রত্যেককে দুই কেজি করে আলু দিচ্ছি। এছাড়া চিনি ও ডাল ৫০ টাকা, পেঁয়াজ ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর তেল বিক্রি হচ্ছে ৮০ টাকা লিটারে।’

উল্লেখ্য, বাজারে ৩৫ টাকা কেজি দরে আলু বিক্রি করতে দাম বেঁধে দিয়েছে সরকার। এই দামে আলু বিক্রি হচ্ছে কিনা তা যাচাইয়ে বাজার মনিটরিং করা হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক।