বুধবার (২১ অক্টোবর) সরকারের ২৭তম সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করা হয়েছে। বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে (ভার্চুয়াল) মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ড. আবু সালেহ মোস্তফা কামাল সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় কক্সবাজার জেলার একতাবাজার থেকে বানৌজা শেখ হাসিনা ঘাঁটি পর্যন্ত সড়ক উন্নয়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর জন্য ২৭৩ কোটি ৮৪ লাখ ৮৩ হাজার টাকা ব্যয়ে দুটি প্যাকেজে পূর্ত কাজের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
অতিরিক্ত সচিব জানান, সভায় শিল্প মন্ত্রণালয়ের ৩টি, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ২টি এবং জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ ও পানিসম্পদ মন্ত্রণালয়ের একটি করে মোট ৭টি প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। এতে মোট ব্যয় ধরা হয়েছে ৪৭৪ কোটি ১২ লাখ ৮১ হাজার ৪০৬ টাকা। মোট অর্থায়নের মধ্যে জিওবি থেকে ব্যয় হবে ২৮৭ কোটি ৫৯ লাখ ৮৯ হাজার ৭৫২ টাকা এবং জাইকা ও দেশীয় ব্যাংক থেকে ঋণের পরিমাণ ১৮৬ কোটি ৫২ লাখ ৯১ হাজার ৬৫৪ টাকা।
বুধবার (২১ অক্টোবর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়েছে।