আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, রবিবার (১ নভেম্বর) বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত প্যারেড গ্রাউন্ডে এসে পৌঁছালে তাকে স্বাগত জানান ঘাঁটির এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল এ এস এম ফখরুল ইসলাম। পতাকা প্রদানের এই অনুষ্ঠানে বিমান বাহিনী প্রধান ঘাঁটি জহুরুল হক আয়োজিত একটি মনোজ্ঞ কুচকাওয়াজ প্রত্যক্ষ করেন।
কুচকাওয়াজে নেতৃত্ব দেন ৭৪ নং বহরের অধিনায়ক উইং কমান্ডার আরশাদুল ইসলাম খান। আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে বিমান বাহিনী প্রধান ৭৪ নং বহরকে ‘বাংলাদেশ বিমান বাহিনী পতাকা’ হস্তান্তর করেন। বিমান বাহিনী পতাকা হস্তান্তরের পর তিনি বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন।
বিমান বাহিনী প্রধান তার সংক্ষিপ্ত ভাষণে বাহিনীর সকল স্তরের সদস্যদের উদ্দেশ্যে বলেন যে, মহান স্বাধীনতা যুদ্ধে বিমান বাহিনী সদস্যদের সাহসিকতাপূর্ণ অবদান জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে। ৭৪ নং বহরে স্থাপিত র্যাডার সামুদ্রিক নিবিড় অর্থনৈতিক অঞ্চলের আকাশ সীমাসহ র্যাডার রেঞ্জের আওতাধীন উড্ডয়নকৃত সকল বিমান ও ক্ষেপণাস্ত্রের পর্যবেক্ষণ এবং শত্রু বিমান হামলার অগ্রিম সংকেত প্রদানের মাধ্যমে দেশের আকাশ প্রতিরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
বিমান বাহিনীর পতাকা অর্জনকারী বহরের প্রতিটি সদস্যকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, বিমান বাহিনীর সম্মানের প্রতীক হিসেবে প্রদানকৃত পতাকার মর্যাদা ও সম্মান অক্ষুন্ন রাখতে সকলকে সচেষ্ট থাকতে বলেন।
অনুষ্ঠানে বিমান বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসারগণ এবং অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।
আইএসপিআর আরও জানায়, বাংলাদেশ বিমান বাহিনী জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে বিভিন্ন দায়িত্ব পালন করে চলেছে এবং বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক সর্বক্ষেত্রেই এই সব কার্যক্রমে নিয়মিত ও গুরুত্বপূর্ণ অবদান রাখছে। নিত্য-নৈমিত্তিক স্বাভাবিক কার্যক্রমের পাশাপাশি এই ঘাঁটি দেশের সমগ্র বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা নিশ্চিতকরণ, সেনা, নৌ ও অন্যান্য বাহিনীকে প্রয়োজনীয় সহায়তা প্রদান, দুর্যোগ মোকাবেলা এবং অসামরিক প্রশাসনকে সহযোগিতা প্রদান করে আসছে। তারই স্বীকৃতি স্বরুপ ৭৪ নং বহরকে মর্যাদাপূর্ণ বিমান বাহিনী পতাকা প্রদান করা হলো।