সেতু বিভাগে শতভাগ ই-নথি বাস্তবায়ন

1সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নির্দেশনায় মন্ত্রণালয়ের সেতু বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষে শতভাগ ই-নথি বাস্তবায়ন করা হয়েছে। বুধবার (৪ নভেম্বর) মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, সরকারের অনলাইন ভিত্তিক প্রশাসনিক ব্যবস্থাপনায় সেতুবিভাগ ও সেতু কর্তৃপক্ষ শতভাগ ই-নথি বাস্তবায়ন করে। এ লক্ষ্যে প্রথমে ৩ সদস্যের একটি নিয়মিত মনিটরিং টিম গঠন এবং সেতু বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সকল পর্যায়ের কর্মকর্তাদের আইটি সরঞ্জাম সরবরাহসহ একাধিকবার প্রশিক্ষণ প্রদান করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ বেলায়েত হোসেন প্রথম শতভাগ অর্জনকারী উন্নয়ন ও পরিকল্পনা অণুবিভাগকে ক্রেস্ট প্রদান করেন। পুরস্কার প্রদানের এ ধারা অব্যাহত রাখবেন বলেও তিনি ঘোষণা দেন। শতভাগ ই-নথি বাস্তবায়নের ফলে সেতুবিভাগ ও সেতু কর্তৃপক্ষের কর্মকাণ্ড ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া অধিকতর গতিশীল হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।