‘৭৫-এর প‌রে বন্দি গণতন্ত্রকে মুক্ত ক‌রে‌ছেন শেখ হা‌সিনা’

429aa2b9f289221457d31dcd635675db-5c468c0eb14e0

পা‌নিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম ব‌লে‌ছেন, '১৯৭৫-এর ১৫ আগস্টের পর যে গণতন্ত্র বন্দি ছিল, সেই গণতন্ত্রকে মুক্ত করেছে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।' মঙ্গলবার (১০ ন‌ভেম্বর) জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে শহীদ নূর হোসেন দিবস উপল‌ক্ষে এক আলোচনা সভায় তি‌নি এসব কথা ব‌লেন।

শামীম বলেন, 'সে সময়ে খালেদা জিয়া নূর হোসেন, দেলোয়ার, সেলিম, তাজুলের রক্তের ওপর পা রেখে ক্ষমতায় বসেন। খালেদা জিয়া তাদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। তিনি (খা‌লেদা) জোটের রূপরেখা বাস্তবায়ন করেনি। শুধু তাই নয়, ১৯৯১ থেকে ১৯৯৫ এবং ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত দুঃশাসন করে গেছে বিএনপি-জামাত জোট সরকার।'

তিনি আরও বলেন, 'বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা সবসময় নূর হোসেনসহ সব শহীদের পরিবারের খোঁজ-খবর রেখেছেন এবং যখন যা প্রয়োজন সাহায্য-সহযোগিতা করেছেন। তাছাড়া ৭৫-এর ১৫ আগস্টের পর যে গণতন্ত্র বন্দি ছিল, সেই গণতন্ত্রকে মুক্ত করেছে আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। ১৯৮১ সালে তিনি বাংলাদেশে এসে বন্দি গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছেন এবং বিএনপি-জামাত জোট সরকার বঙ্গবন্ধু হত্যার বিচার না হওয়ার জন্য আইন করেছিল, কিন্তু প্রধানমন্ত্রী সব যুদ্ধাপরাধীর বিচার করেছেন।'

জনতার প্রত্যাশার সভাপতি এম এ করিমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপদেষ্টা অরুণ সরকার রানা, শহীদ নূর হোসেনের বড় ভাই মো. আলী হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক আহ্বায়ক মিনহাজ উদ্দিন মিন্টু প্রমুখ।