যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী পাঠানোর তালিকায় আরও এগোলো বাংলাদেশ

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রযুক্তরাষ্ট্রে দ্রুত ও বেশি হারে শিক্ষার্থী প্রেরণকারী দেশগুলোর কয়েক ধাপ এগিয়েছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী প্রেরণকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশের বর্তমান অবস্থান ১৭তম, যা গত বছর ছিল ২০তম। একইসঙ্গে যুক্তরাষ্ট্রে স্নাতক পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থী প্রেরণে বাংলাদেশ বিশ্বে নবম থেকে অষ্টম স্থানে উন্নীত হয়েছে।

শিক্ষার্থী প্রেরণকারী দেশগুলোর তালিকার শীর্ষ ২০টি দেশের মধ্যে শতাংশ হিসাবে বাংলাদেশের বৃদ্ধির হার সর্বোচ্চ এবং সংখ্যার দিক থেকে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের প্রবৃদ্ধিই সর্বোচ্চ।

যুক্তরাষ্ট্র দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে আট হাজার ৮০০ জনেরও বেশি বাংলাদেশি শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে লেখাপড়ার সিদ্ধান্ত নিয়েছেন। ২০২০ সালের ওপেন ডোরস রিপোর্ট অন ইন্টারন্যাশনাল এডুকেশন এক্সচেঞ্জ শীর্ষক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

বাংলাদেশের জন্য এটিই নতুন সর্বোচ্চ সংখ্যা। যা ২০১৯ সালের প্রতিবেদনের (আট হাজার ২৪৯ জন শিক্ষার্থী) চেয়ে সাত দশমিক এক শতাংশ বেশি এবং ২০০৯ সালের তুলনায় সংখ্যাটি তিনগুণেরও বেশি।

ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের একটি কৌশলগত অগ্রাধিকার হলো বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে শিক্ষামূলক বিনিময় উৎসাহিত করা। ২০১৯-২০২০ সালে যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত আট হাজার ৮৩৮ জন বাংলাদেশি শিক্ষার্থীর মধ্যে পাঁচ হাজার ৭৮৭ জন স্নাতক পর্যায়ে লেখাপড়া করেছেন, যা ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের তুলনায় ৯ দশমিক ছয় শতাংশ বেশি। ফলে যুক্তরাষ্ট্রে স্নাতক পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থী প্রেরণে বাংলাদেশ বিশ্বে নবম থেকে অষ্টম স্থানে উন্নীত হয়েছে।

বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্যাম্পাসগুলোতে বাংলাদেশি শিক্ষার্থীদের প্রায় ৭৫ শতাংশ স্টেম ক্ষেত্রে (বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত) লেখাপড়া করছেন। তাদের মধ্যে ৪১ শতাংশের বেশি প্রকৌশল, প্রায় ১৯ শতাংশ গণিত/ কম্পিউটার বিজ্ঞান এবং ১৫ শতাংশের বেশি ভৌত বা জীববিজ্ঞান নিয়ে লেখাপড়া করছেন। প্রায় সাত শতাংশ পড়ছেন ব্যবসায়/ব্যবস্থাপনা বিষয়ে। আর প্রায় ছয় শতাংশ সমাজবিজ্ঞান বিষয়ে অধ্যয়নরত আছেন।

২০১৯-২০২০ শিক্ষাবর্ষে প্রায় এক হাজার ৩০০ বাংলাদেশি শিক্ষার্থী (সব বাংলাদেশি শিক্ষার্থীর ১৪ শতাংশ) যুক্তরাষ্ট্রে তাদের শিক্ষার অংশ হিসাবে নিজ নিজ শিক্ষা বিষয়ে চাকরি পেতে বাস্তব প্রশিক্ষণ লাভের উদ্দেশ্যে ঐচ্ছিক ব্যবহারিক প্রশিক্ষণ (ওপিটি) কার্যক্রমে অংশ নিয়েছেন।

যুক্তরাষ্ট্রের দূতাবাস এডুকেশন-ইউএসএ বাংলাদেশ’র মাধ্যমে বাংলাদেশি শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণের জন্য বেশ কিছু ভার্চুয়াল কার্যক্রম আয়োজনের মাধ্যমে আন্তর্জাতিক এডুকেশন উইক (আইইডব্লিউ) উদযাপন করছে। আগামী পাঁচদিন এডইউএসএ পরামর্শ কেন্দ্রগুলো যুক্তরাষ্ট্রে লেখাপড়া সম্পর্কিত বিভিন্ন বিষয়ে ওয়েবিনার আয়োজন করবে।

এই অনুষ্ঠানে মিশিগান স্টেট, ইয়েল ইউনিভার্সিটি, ম্যাকনিসি স্টেট ইউনিভার্সিটি এবং নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে বর্তমানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা অংশ নেবেন।

যুক্তরাষ্ট্রের যেসব উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এতে অংশ নেবেন: বেন্টলি ইউনিভার্সিটি, ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি অ্যাটসান বার্নার্দিনো, এম্ব্রি-রিডল অ্যারোনটিক্যাল ইউনিভার্সিটি, ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, গাউচার কলেজ, হ্যামিলটন কলেজ, মিডওয়ে ইউনিভার্সিটি, মিনেসোটা স্টেট ইউনিভার্সিটি, মিসৌরি ওয়েস্টার্ন স্টেট ইউনিভার্সিটি, নিউ ইয়র্ক ইউনিভার্সিটির (এনওয়াইইউ) অধিভুক্ত ট্যান্ডন স্কুল অফ ইঞ্জিনিয়ারিং, নর্দার্ন অ্যারিজোনা ইউনিভার্সিটি, অরেঞ্জ কোস্ট কলেজ, পেপারডাইন ইউনিভার্সিটি, স্টেট ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক অ্যাটঅসওয়েগো এবং নিউপালজ, স্টোনিব্রুক ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ হিউস্টোন- ভিক্টোরিয়া,  ইউনিভার্সিটি অফ নিউ মেক্সিকো, ইউনিভার্সিটি অফ নর্দার্ন আইওয়া, ইউনিভার্সিটি অফ সাউথ ডাকোটা, ইউনিভার্সিটি অফ টেক্সাস অ্যাট আর্লিংটন এবং সানআন্টোনিও, ইউনিভার্সিটি অফ উইসকনসিন অ্যাটওউক্লেয়ার এবং মিলওয়াওকি এবং ভ্যালপ্যারাইসো ইউনিভার্সিটি।