পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, আমাদের প্রয়োজন বৈশ্বিক, জাতীয় এবং স্থানীয় পর্যায়ে নিরাপদ জীবন যাত্রা নিশ্চিত করা। এজন্য জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে আরও কার্যকর ও গতিশীল করা প্রয়োজন। সকলের জন্য সমানভাবে, সময়মত এবং সবার সাধ্যের মধ্যে ভ্যাকসিন নিশ্চিত করা আমাদের কর্তব্য।
তিনি বলেন, কোভিড-১৯ এর ভ্যাকসিন হবে সকল মানুষের জন্য উন্মুক্ত। ট্রিপস এগ্রিমেন্টের অধীনে সকল উন্নয়নশীল দেশকে ভ্যাকসিন তৈরির প্রযুক্তি এবং আইপি রাইটস ওয়েভার দিতে হবে। কোভিড-১৯ মোকাবিলায় সরকারের সঙ্গে জাতিসংঘ, আন্তর্জাতিক অর্থনৈতিক সংস্থা এবং সিভিল সোসাইটি এবং আমাদের সকলের একযোগে কাজ করতে হবে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজে গ্লোবাল স্ট্যাবিলিটি, সিকিউরিটি অ্যান্ড প্রসপারিটি আফটার কোভিড-১৯ বিষয়ক ওই অনলাইন সেমিনারের উদ্বোধন করেন ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান।
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাস উদ্দিন সেমিনারে সেশন চেয়ারের দায়িত্ব পালন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ সেমিনারের সঞ্চালনা করেন। সেমিনারে সমন্বয়ক ছিলেন কলেজের সিনিয়র ডাইরেক্টিং স্টাফ মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ খায়রুল বাসার। ন্যাশনাল ডিফেন্স কলেজের সকল অনুষদ সদস্য, বিশিষ্ট শিক্ষাবিদ ও বুদ্ধিজীবী, সামরিক ও অসামরিক উচ্চপদস্থ কর্মকর্তা, ন্যাশনাল ডিফেন্স কোর্স ২০২০ ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্স ২০২০ এর কোর্স সদস্যরা অনলাইন সেমিনারে উপস্থিত ছিলেন।