আবুজা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বাংলাদেশের শ্রেষ্ঠ পুরস্কার লাভ

D১৫তম আবুজা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অসাধারণ অর্জন এবং টেকসই অবদানের জন্য বাংলাদেশ ‘শ্রেষ্ঠ পুরস্কার’ লাভ করেছে। বাংলাদেশ হাইকমিশন সোমবার আবুজা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নিকট হতে এই পুরস্কার গ্রহণ করেন।

আবুজা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসিসিআই)-এর উদ্যোগে আয়োজিত বাণিজ্য মেলায় বাংলাদেশ হাইকমিশন সক্রিয়ভাবে অংশগ্রহণ করে, যার প্রতিপাদ্য ছিল 'ট্রেড অ্যান্ড কমার্স বিইয়ন্ড বর্ডার্স (সীমানা পেরিয়ে ব্যবসা-বাণিজ্যের প্রসার)'।

দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেলা চলাকালে বাংলাদেশের স্টলে ছিল উপচে পড়া ভিড়। দর্শনার্থী, ব্যবসায়ী, উদ্যোক্তা ও সম্ভাবনাময় আমদানিকারকদের মুখে ছিল বাংলাদেশের পণ্য সম্ভারের প্রশংসা।

মিশনের আগ্রহে মেলার সাইডলাইনে অনুষ্ঠিত বৈঠককালে কয়েকটি কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা বাংলাদেশ সফরের ইচ্ছা প্রকাশের পাশাপাশি বাংলাদেশের পণ্য আমদানির আগ্রহও ব্যক্ত করেন।

রফতানিযোগ্য বিভিন্ন পণ্যের পসরা দিয়ে সাজানো হয় বাংলাদেশের বৃহৎ স্টল। এরমধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ওষুধ, সিরামিক পণ্য, পাট ও চামড়াজাত পণ্য, তৈরি ও নিট পোশাক, হস্তশিল্প, চা, বৈদ্যুতিক ও ইলেকট্রিক দ্রব্য এবং কৃষিজাত পণ্য। স্টলে মিশনের নিজস্ব সংগ্রহ ছাড়াও বাংলাদেশের বিখ্যাত কয়েকটি কোম্পানি (ওয়াল্টন গ্রুপ, মন্নু সিরামিকস, এসিআই, মণ্ডল গ্রুপ/ অ্যাপোলো ফ্যাশন্স) কর্তৃক উপহারস্বরূপ প্রদত্ত রফতানিযোগ্য পণ্য প্রদর্শনীর জন্য রাখা হয়েছিল।

নাইজেরিয়ার বিভিন্ন মেলায় (২০১৮-২০১৯) সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ হাইকমিশন এযাবৎ ৬টি শ্রেষ্ঠ অংশগ্রহণকারীর পুরস্কার লাভ করেছে। উল্লেখ্য, ২০ কোটি অধিবাসী অধ্যুষিত নাইজেরিয়া আফ্রিকার বৃহত্তম অর্থনীতি এবং পৃথিবীর ৬ষ্ঠ বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ।