জনগণ, সশস্ত্র বাহিনী ও বেসামরিক প্রশাসনের সম্পর্ক আরও শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী

IMG-20201213-WA0004জাতির নিরাপত্তা নিশ্চিতে ন্যাশনাল ডিফেন্স কোর্সের (এনডিসি) পাঠ্যক্রমে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত থাকায় গভীর সন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া জাতীয় উন্নয়নে সশস্ত্র বাহিনী ও বেসামরিক প্রশাসনের ভূমিকার কথা আলোকপাত করে প্রধানমন্ত্রী জনগণ, সশস্ত্র বাহিনী ও বেসামরিক প্রশাসনের মধ্যে রচিত সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় ও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০২০ ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্স-২০২০-এর কোর্স সমাপনী অনুষ্ঠানে ভার্চুয়াল ভাষণে তিনি এসব কথা বলেন।
আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০২০ এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্স-২০২০ কোর্সে অংশগ্রহণকারী সকলকে সফলতার সঙ্গে কোর্স সম্পন্ন করায় অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোভিড-১৯ পরিস্থিতিতে অনলাইনে ক্লাস পরিচালনা করে কোর্স কার্যক্রম শেষ করায় তিনি এনডিসির কমান্ড্যান্ট এবং সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান। তিনি এনডিসিতে বিদেশি কোর্স মেম্বারদের সংখ্যা বৃদ্ধিতে এবং আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নে এনডিসির ভূমিকার প্রশংসা করেছেন।
ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান তার স্বাগত ভাষণে সফলতার সঙ্গে কোর্স সম্পন্ন করায় কোর্সে অংশগ্রহণকারী সকল দেশি-বিদেশি কোর্স মেম্বার ও কোর্সের সঙ্গে সম্পৃক্ত সংশ্লিষ্ট সকল ফ্যাকাল্টি মেম্বার ও স্টাফ অফিসারদের আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানান।
এ বছর বাংলাদেশ সেনাবাহিনীর ৩১ জন ব্রিগেডিয়ার জেনারেল, বাংলাদেশ নৌবাহিনীর ৪ জন কমোডর ও ১ জন ক্যাপ্টেন এবং বাংলাদেশ বিমান বাহিনীর ৫ জন এয়ার কমোডর, সিভিল সার্ভিসের ২ জন অতিরিক্ত সচিব, ১১ জন যুগ্ম-সচিব, বাংলাদেশ পুলিশের ২ জন ডিআইজি এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ১ জন ডিজিসহ বাংলাদেশের সর্বমোট ৫৭ জন প্রশিক্ষণার্থী কর্মকর্তা ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০২০-এ অংশগ্রহণ করছেন। এছাড়া বাংলাদেশের বন্ধুপ্রতিম ১২টি দেশের ২৫ জন প্রশিক্ষণার্থী এই কোর্সে অংশগ্রহণ করেন।
আর্মড ফোর্সেস ওয়ার কোর্স-২০২০-এ বাংলাদেশ সেনাবাহিনীর ৩ জন কর্নেল, ৩৩ জন লেফটেন্যান্ট কর্নেল, বাংলাদেশ নৌবাহিনীর ২ জন ক্যাপ্টেন ও ৬ জন কমান্ডার, বাংলাদেশ বিমান বাহিনীর ৭ জন গ্রুপ ক্যাপ্টেন ও ১ জন উইং কমান্ডার অংশগ্রহণ করেন।