৮০ হাজার টন সার কেনার সিদ্ধান্ত

 

092721urea

সরকার আরও ৮০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার কেনার সিদ্ধান্ত নিয়েছে। রাষ্ট্রীয় চুক্তির আওতায় সৌদি আরব ও কাতার থেকে এসব সার কেনা হবে। এতে খরচ হবে ১৭৯ কোটি ৩৭ লাখ ১৯ হাজার ২৪৯ টাকা।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) অনলাইনে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এতে সভাপতিত্ব করেন।

বৈঠক শেষে অনলাইনে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আবু সালেহ্ মোস্তফা কামাল প্রেস ব্রিফিংয়ে জানান, ৪২ কোটি ৫৬ লাখ ৭৫ হাজার ৮০৮ টাকা ব্যয়ে বিদ্যুৎ বিভাগের অধীন ‘টিএ ফর বাংলাদেশ পাওয়ার সেক্টর ডেভেলপমেন্ট অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং’ প্রকল্পের আওতায় নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি লি. (এনইএসসিও) এলাকায় জিআইএস (জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম) বাস্তবায়নের লক্ষ্যে আমেরিকার এনআরসিএ ইন্টারন্যাশনালকে পরামর্শক নিয়োগে চুক্তি স্বাক্ষরের অনুমোদন দেওয়া হয়েছে।

সচিব জানান, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার সৌদি আরব থেকে আনবে। কাতারের মুনতাজাত থেকে আমদানি করা হবে ২৫ হাজার টন। প্রতি টন সারের দাম ২৬২ দশমিক ৩৭৫ মার্কিন ডলার।

এছাড়া বিসিআইসি রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির মাধ্যমে সৌদি বেসিক ইন্ডাস্ট্রিজ করপোরেশন (এসএবিআইসি) থেকে বাকি ২৫ হাজার মেট্রিক টন বাল্ক প্রিল্ড (অপশনাল) ইউরিয়া সার আমদানি করবে। এর জন্য সরকারের মোট ব্যয় হবে ৫৬ কোটি ৭০ লাখ ৪১ হাজার ২৫০ টাকা। প্রতি টন এই সারের দাম পড়বে ২৬৭ মার্কিন ডলার।

অতিরিক্ত সচিব জানিয়েছেন, জটিলতা থাকায় সিলেটের কুমারগাঁও ৫০ মেগাওয়াট ক্ষমতার গ্যাসভিত্তিক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র এনার্জি লিমিটেডের সঙ্গে সরকারের চুক্তির মেয়াদ ৩১ ডিসেম্বর ২০২১ সালের পর্যন্ত বাড়ানোর প্রস্তাবটি সংশ্লিষ্ট মন্ত্রণালয় প্রত্যাহার করে নিয়েছে।