এই প্রেক্ষাপটে গঙ্গা নদীর পানি চুক্তি পর্যালোচনা ও অন্য ছয়টি অভিন্ন নদীর পানিবণ্টন নিয়ে আগামী মাসে আলোচনায় বসবে বাংলাদেশ ও ভারত। বাংলাদেশ ও ভারতের মধ্যে যৌথ নদী কমিশনের (জেআরসি) সদস্য পর্যায়ের বৈঠক আগামী মাসের ৫-৬ তারিখে অনুষ্ঠিত হবে।
পানিসম্পদ মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা রবিবার (২০ ডিসেম্বর) বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ছয়টি অভিন্ন নদী নিয়ে গত বছর সচিব পর্যায়ের বৈঠকে আলোচনা হয়েছিল। আমরা ওই নদীগুলোর বর্তমান তথ্য-উপাত্ত কয়েক মাস আগে ভারতকে সরবরাহ করেছি। এখন তারা সেগুলো পর্যালোচনা করছে।’
উল্লেখ্য, ছয়টি নদী হচ্ছে মুহুরি, খোয়াই, ধরলা, দুধকুমার, মনু ও গোমতী। নদীগুলো নিয়ে ১৯৯৭ সাল থেকে দুই দেশ আলোচনা করছে। বিভিন্ন সময়ে নদী প্রবাহের তথ্য-উপাত্ত একে অপরকে সরবরাহ করেছে।
অন্যদিকে গঙ্গা পানিচুক্তি ১৯৯৬ সালে সই হয়। চুক্তির একটি ধারা অনুযায়ী পানিবণ্টনের তথ্য-উপাত্ত নিয়ে বৈঠকের কথা আছে, যা একটি রুটিন বিষয়। এটি নিয়ে ওই বৈঠকে আলোচনা হবে বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা।
তিনি জানান, এছাড়া ১০ জেলায় ১৫টি অভিন্ন নদীর বাংলাদেশ দিকে সংরক্ষণের প্রকল্প হাতে নেওয়া হয়েছে এবং এর একটি তালিকা ভারতকে দেওয়া হবে।