৭ হাজার ৩০০ ছাড়ালো মৃত্যু

করোনায় মৃতদের স্বাস্থ্যবিধি মেনে দাফন, ছবি: সাজ্জাদ হোসেনকরোনায় আরও ৩২ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। গত ২৪ ঘণ্টার এই সংখ্যা নিয়ে এখন পর্যন্ত সরকারি হিসাবে করোনায় মৃতের মোট সংখ্যা দাঁড়ালো সাত হাজার ৩১২ জনে। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন এক হাজার ৪৭০ জন। এ নিয়ে মোট শনাক্ত হলেন পাঁচ লাখ দুই হাজার ১৮৩ জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দুই হাজার ১৬৭ জন। আর এখন পর্যন্ত সুস্থ হয়েছেন চার লাখ ৩৯ হাজার ৬৯৪ জন। আজ সোমবার ( ২১ ডিসেম্বর) করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর।  

অধিদফতর জানায়, বর্তমানে ১১৩টি আরটি-পিসিআর, ১৬টি জিন-এক্সপার্ট ও ২৯টি র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষাগারসহ মোট ১৬০টি পরীক্ষাগারে করোনার নমুনা পরীক্ষা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ১৫ হাজার ৪০৯টি। নমুনা পরীক্ষা করা হয় ১৫ হাজার ৬৬৯টি। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৩০ লাখ ৯১ হাজার ৩৪৯টি। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় হয়েছে ২৪ লাখ ৬১ হাজার ৫৯৩টি, আর বেসরকারি ব্যবস্থাপনায় হয়েছে ছয় লাখ ২৯ হাজার ৭৫৬টি।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৯ দশমিক ৩৮ শতাংশ। এখন পর্যন্ত শনাক্তের হার ১৬ দশমিক ২৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৭ দশমিক ৫৬ শতাংশ। আর শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৬ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩২ জনের মধ্যে পুরুষ ২৩ জন, আর নারী ৯ জন। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে পুরুষ মারা গেলেন পাঁচ হাজার ৫৭৫ জন, আর নারী এক হাজার ৭৩৭ জন। শতকরা হিসাবে পুরুষ ৭৬ দশমিক ২৪ শতাংশ এবং নারী ২৩ দশমিক ৭৬ শতাংশ।

বয়স বিবেচনায় গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ষাটোর্ধ্ব রয়েছেন ২১ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে পাঁচ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে তিন জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন, আর ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন।

এদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ৩০ জন আর বাড়িতে দুই জন।করোনার অ্যান্টিজেন টেস্ট

বিভাগভিত্তিক বিশ্লেষণে অধিদফতর জানিয়েছে, মারা যাওয়া ৩২ জনের মধ্যে ঢাকা বিভাগের রয়েছেন ১৫ জন, চট্টগ্রাম বিভাগের আট জন, বরিশাল ও সিলেট বিভাগের তিন জন করে, আর রাজশাহী, খুলনা ও রংপুরের রয়েছেন একজন করে।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়া দুই হাজার ১৬৭ জনের মধ্যে ঢাকা বিভাগে রয়েছেন এক হাজার ৩৮০ জন, চট্টগ্রাম বিভাগে ৪৬৫ জন, রংপুর বিভাগে ১০২ জন, খুলনা বিভাগে ৪২ জন, বরিশাল বিভাগে ৪০ জন, রাজশাহী বিভাগে ৬৪ জন, সিলেট বিভাগে ৫০ জন আর ময়মনসিংহ বিভাগে ২৪ জন।

গত ২৪ ঘণ্টায় কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন ৬৮৯ জন। আর ছাড়া পেয়েছেন ৭১৭ জন। এখন পর্যন্ত কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন পাঁচ লাখ ৯৭ হাজার ৮৬২ জন। ছাড়া পেয়েছেন মোট পাঁচ লাখ ৫৮ হাজার ৪৪৪ জন। বর্তমানে কোয়ারেন্টিনে আছেন ৩৯ হাজার ৪১৮ জন।

একই সময়ে আইসোলেশনে যুক্ত হয়েছেন ১২৮ জন। আর ছাড়া পেয়েছেন ৪০১ জন। এখন পর্যন্ত আইসোলেশনে যুক্ত হয়েছেন ৯৫ হাজার ৬৮ জন এবং ছাড়া পেয়েছেন ৮৩ হাজার ১৩ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১২ হাজার ৫৫ জন।