বঙ্গবন্ধুর ভাস্কর্য এ দেশের স্বাধীনতা অর্জনের স্মারক: তথ্য প্রতিমন্ত্রী

আলোচনা সভায় তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানতথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন, ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক ও অভিন্ন সত্তা। বঙ্গবন্ধুর ভাস্কর্য ৫৬ হাজার বর্গমাইলের এ দেশের স্বাধীনতা অর্জনের স্মারক। কোনও অপশক্তি সাম্প্রদায়িকতা এবং ঘৃণা ছড়িয়ে এ ভাস্কর্যের প্রয়োজন ও আবেদন এতটুকু ম্লান করতে পারবে না। বঙ্গবন্ধু আছেন জাতির চেতনা ও প্রেরণায়। বরং যারা জাতির পিতাকে অস্বীকার করতে চেয়েছে তারাই ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে।’

সোমবার (২১ ডিসেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘কোনও জেনারেলের বাঁশির হুইসেলে আচমকা জাতি মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েনি। মুক্তিযুদ্ধ ছিল দীর্ঘ শোষণ, বঞ্চনা, বৈষম্যের বিরুদ্ধে জনগণকে ধীরে ধীরে সংগঠিত করার চূড়ান্ত ফসল, যা করেছেন বাঙালির স্বপ্নসারথী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।’

সংগঠনের সভাপতি মোহাম্মদ নাজমুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন, শাহে আলম মুরাদ, অ্যাডভোকেট খন্দকার শামসুল হক, কামাল চৌধুরী, লায়ন গণি মিয়া বাবুল, সাংবাদিক মানিক লাল দাস, হুমায়ূন কবির মিজি প্রমুখ।